বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
“খেলার মাঠে রাজনীতির ছায়া আর নয়! তারেক রহমানের ঘোষণায় নতুন বার্তা”
খেলাধুলায় রাজনীতির কালো ছায়া এবার দূর হবে? এমনই প্রত্যয় ব্যক্ত করলেন খুলনা জেলা যুবদলের আহ্বায়ক ও বিএনপির মনোনয়নপ্রত্যাশী ইবাদুল হক রুবায়েত। বুধবার দুপুরে ফুলতলা রি-ইউনিয়ন মডেল স্কুল এন্ড কলেজ মাঠে ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। এতে সংকট পাশা ফুটবল একাদশ নওয়াপাড়া ও বন্ধু মহল ফুলতলা মুখোমুখি হয়।
ফুলতলা ইউনিয়নের জনপ্রিয় চেয়ারম্যান ও বিএনপি নেতা মো. শেখ আবুল বাশারের সভাপতিত্বে ফাইনালে প্রধান অতিথির বক্তব্যে ইবাদুল হক রুবায়েত বলেন, “ফ্যাসিস্ট সরকার ক্রীড়াঙ্গনে রাজনীতি ঢুকিয়ে খেলাধুলার গৌরব ধূলিসাৎ করেছে। মাশরাফি বিন মর্তুজা ও শাকিব আল হাসানের মতো তারকারাও আজ রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার!”
তিনি আরও বলেন, “তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী বিএনপি ক্ষমতায় এলে বাংলাদেশ পাবে রাজনীতিমুক্ত ক্রীড়াঙ্গন, যেখানে শুধু প্রতিভা আর খেলার ন্যায়সঙ্গত মূল্যায়ন হবে।”
অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন সাবেক ইউপি সদস্য মোল্লা আলমগীর হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলতলা উপজেলা বিএনপির সদস্য সচিব মনির হাসান টিটো, ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. মহসিন মোল্লা, ইউনিয়ন বিএনপি সদস্য সচিব মো. আনিচুর রহমান পলাশ ও আরও অনেক বিশিষ্ট ব্যক্তি।
ক্রীড়াঙ্গনে রাজনীতি বন্ধের দাবিতে জনতার মাঝে আলোড়ন সৃষ্টি হয়েছে। ফুটবলপ্রেমীরা আশাবাদী, রাজনীতির বাইরে গিয়ে একদিন শুধুই খেলার জয় হবে!