বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন
নেইমার ফিরলেন, কিন্তু জাদু কোথায় হারাল সেই পুরোনো?
অনলাইন ডেস্ক
নেইমার ফিরেছেন, কিন্তু সেই পুরোনো জাদু কি হারিয়ে গেছে? মাঠে তার উপস্থিতি এখনো আলোচনার শীর্ষে, তবে প্রভাব নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। ব্রাজিলিয়ান সুপারস্টার ফিরে এসেছেন সান্তোসে, কিন্তু মিরাসলের কাছে ৩-০ গোলে বিধ্বস্ত হওয়ার পর হতাশ নেইমার নিজেই! ম্যাচ শেষে সাংবাদিকের ফিটনেস-সংক্রান্ত প্রশ্নে উত্তেজনায় বললেন, ‘আবার সেই প্রশ্ন? আমি তো ৩০০ বার বলেছি!’
চার দিনের ব্যবধানে সান্তোসের হয়ে দ্বিতীয় ম্যাচে নামেন নেইমার। ফ্লামেঙ্গোর বিপক্ষে জয়সূচক গোলের পর ভক্তদের মধ্যে ফিরে এসেছিল আশা। কিন্তু মিরাসলের মাঠে সেই ফর্ম যেন উবে গেছে। দল শুরু থেকে শেষ পর্যন্ত ছন্নছাড়া, নেইমারও যেন ছায়ামাত্র।
নেইমার বলেন, ‘আজ আমাদের খেলায় কিছুই ছিল না। হারার কারণ এটাই। ফ্লামেঙ্গোর বিপক্ষে আমরা অন্তত ডিফেন্সে লড়েছি, কিন্তু আজ মিরাসল আমাদের সব বিভাগে হারিয়ে দিয়েছে।’
সংবাদ সম্মেলনে এক সাংবাদিক নেইমারের ফর্ম নিয়ে প্রশ্ন তুলতেই রীতিমতো ক্ষোভে ফেটে পড়েন তিনি। স্পষ্ট জানিয়ে দেন, ‘ফিটনেস নিয়ে আর কত বলব?’ এমন প্রতিক্রিয়ায় বোঝা যায়, মাঠের পারফরম্যান্সের পাশাপাশি মানসিক চাপে রয়েছেন নেইমার।
তাকে জানুয়ারিতে স্বল্পমেয়াদে ফেরানো হলেও দলীয় চিত্রটা উজ্জ্বল নয়। ১৪ ম্যাচে মাত্র ১৪ পয়েন্ট—সান্তোস এখনও অবনমন অঞ্চলের বাইরে উঠতে পারেনি। ডিসেম্বর পর্যন্ত চুক্তি নবায়ন করলেও নেইমার দলকে উদ্ধার করতে পারেননি এখনো।
এই মুহূর্তে অতীতের গল্পের সময় নেই। সান্তোসের দরকার ধারাবাহিক পারফরম্যান্স। আর সেই নেতৃত্বের দায়িত্ব বর্তেছে নেইমারের কাঁধে, যিনি দুই মেয়াদে ক্লাবটির হয়ে ১৪১ গোল ও ৬৯ অ্যাসিস্টে অংশ নিয়েছেন।
তবে এবার শুধু স্কিলে নয়, মানসিক পরিণতিতেও নিজেকে প্রমাণ করতে হবে নেইমারকে। না হলে সান্তোসে তার প্রত্যাবর্তন কেবল একটি ম্লান স্মৃতিই হয়ে থাকবে—বর্ণময় প্রত্যাবর্তন নয়, বরং একরাশ হতাশার গল্প। এমনটাই জানায়।