সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন
হৃদয় যেখানে, চুক্তিও সেখানে—বার্সাকে না বললেন নিকো!
অনলাইন ডেস্ক
বার্সেলোনা প্রস্তুত ছিল প্রায় ৭০৮ কোটি টাকা রিলিজ ক্লজ দিতে। ক্লাব সভাপতি হোয়ান লাপোর্তা ও ক্রীড়া পরিচালক ডেকো প্রকাশ্যে বলেছিলেন—নিকো উইলিয়ামস কাতালানে আসতে উদগ্রীব। কিন্তু শেষ মুহূর্তে নাটকীয় বাঁক—নিজের ভবিষ্যতের চেয়েও হৃদয়ের কথাকেই অগ্রাধিকার দিলেন ২২ বছর বয়সী স্প্যানিশ উইঙ্গার।
শুক্রবার (০৪ জুলাই) অ্যাথলেটিক ক্লাব ঘোষণা করেছে, নিকো উইলিয়ামস নতুন করে আট বছরের চুক্তিতে সই করেছেন, যা চলবে ২০৩৫ সাল পর্যন্ত। এর ফলে রিলিজ ক্লজ ৫০ শতাংশের বেশি বেড়ে গেছে—তাঁকে আর সহজে দলে টানা যাবে না।
এক ভিডিও বার্তায় নিকো বলেন, ‘যখন সিদ্ধান্ত নিতে হয়, আমার কাছে হৃদয়ের কথাই মুখ্য। আমি আমার জায়গায়, আমার মানুষের মাঝে আছি। এটাই আমার ঘর। আপা অ্যাথলেটিক!’
ঘোষণার সময়টা ছিল স্পর্শকাতর—বার্সা সমর্থকরা ধরে নিয়েছিল নিকো আসছেনই। ইয়ামাল ও বালদে তাঁকে ব্যক্তিগতভাবে বোঝানোর চেষ্টা করেছিলেন। এমনকি ইনস্টাগ্রামে পোস্ট দিয়েও ইঙ্গিত করেছিলেন ইয়ামাল। কিন্তু নিকো যে শেষ পর্যন্ত ভালোবাসার ক্লাবকেই বেছে নেবেন, সেটিই বার্সা ভক্তদের হতাশ করেছে।
১১ বছর বয়সে অ্যাথলেটিক একাডেমিতে যোগ দিয়েছিলেন নিকো। ক্লাবটির হয়ে খেলেছেন ১৬৭ ম্যাচ, করেছেন ৩১ গোল। সবচেয়ে গর্বের মুহূর্ত—২০২৪ সালে কোপা দেল রে জয়, যা ক্লাবের ৪০ বছরের ট্রফি খরা কাটায়। বড় ভাই ইনাকি উইলিয়ামসের সঙ্গেও ক্লাবের হয়ে খেলছেন তিনি।
চুক্তির ভিডিও ঘোষণায় দেখা যায়, নিজের বারবার অপমানিত হওয়া একটি মুরালের ওপর স্প্রে পেইন্টে লিখছেন ‘২০৩৫’। যেন এক প্রতিজ্ঞা—এই ক্লাবই তার ঘর।
স্পেনের হয়ে এরই মধ্যে ২৮ ম্যাচে ৬ গোল করেছেন নিকো উইলিয়ামস। এর একটি এসেছে ইউরো ২০২৪-এর ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে। জাতীয় দলের হয়ে খেলতে গিয়েই পেদ্রি, ইয়ামাল, বালদে—এই বার্সা তরুণদের সঙ্গে বন্ধুত্ব গড়ে ওঠে।
নিকোকে হারানোয় বার্সাকে এবার অন্যদের দিকে চোখ রাখতে হচ্ছে। ক্রীড়া পরিচালক ডেকো জানিয়ে দিয়েছেন, ইয়ামাল ও রাফিনিয়ার চাপ কমাতে একজন উইঙ্গার আনা এখন শীর্ষ অগ্রাধিকার।
লিভারপুলের লুইস দিয়াসের নাম তালিকায় থাকলেও, ইংলিশ জায়ান্টরা ইতোমধ্যে বার্সা ও বায়ার্নের প্রস্তাব ফিরিয়ে দিয়েছে। আর ইউনাইটেডের রাশফোর্ড বলেছেন, ‘ইয়ামালের সঙ্গে খেলতে পারলে ভালো লাগবে।’ হয়তো তাঁর দিকেও নজর বাড়াবে কাতালানরা।