শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন
পিএসএলে ফের সাকিব, লাহোরে ঝড় তুলবেন এবার!
অনলাইন ডেস্ক
পাকিস্তান সুপার লিগে (পিএসএল) রোমাঞ্চকর ফেরার গল্প লিখতে চলেছেন সাকিব আল হাসান। দ্বিতীয়বারের মতো লাহোর কালান্দার্সের জার্সিতে দেখা যাবে এই লিজেন্ডারি অলরাউন্ডারকে। এরই মধ্যে তিনি ফ্র্যাঞ্চাইজিটির সঙ্গে স্কোয়াডে যোগ দিয়েছেন এবং সব কিছু স্বাভাবিক থাকলে আগামীকাল (রবিবার) মাঠে নামতে পারেন লাহোরের হয়ে।
ভারত-পাকিস্তান সীমান্তে সামরিক উত্তেজনার কারণে এক সপ্তাহ থমকে ছিল পিএসএলের চলমান মৌসুম। অবশেষে আজ (শনিবার) থেকে আবারও গড়াচ্ছে ক্রিকেটের জমজমাট এই লড়াই। টানাপোড়েনের মধ্যে বিদেশি খেলোয়াড় সংকটে পড়া ফ্র্যাঞ্চাইজিগুলো খুঁজে নিচ্ছে বিকল্প, যার জেরেই লাহোর নিজেদের শক্তি বাড়াতে দলে টেনেছে সাকিবকে। চলতি আসরে তাদের হয়ে পাঁচটি ম্যাচ খেলেছেন বাংলাদেশের তরুণ অলরাউন্ডার রিশাদ হোসেন, যিনি বর্তমানে জাতীয় দলের দায়িত্বে ব্যস্ত।
এদিকে, সাকিবের লাহোর শিবিরে যোগ দেওয়ার খবরটি নিজেদের অফিসিয়াল ফেসবুক পোস্টে নিশ্চিত করেছে দলটি। একই সঙ্গে স্কোয়াডে যুক্ত হয়েছেন শ্রীলঙ্কার মারকুটে ব্যাটার ভানুকা রাজাপাকশে। লাহোর তাদের স্ট্যাটাসে লিখেছে, ‘কুশল পেরেরা, সাকিব আল হাসান ও ভানুকা রাজাপাকশে ইসলামাবাদে এসে পৌঁছেছেন এবং তারা তাদের মিশনে একদম মনোযোগী। আন্তর্জাতিক তারকারা এখন প্রস্তুত, আলো ছড়াবেন পিএসএলের বাকি ম্যাচগুলোতে।’
প্রসঙ্গত, চলমান দশম আসরে প্রথমদিকে কোনো দলের আগ্রহ না পেলেও, পরিস্থিতি বদলে যাওয়ায় আবার সুযোগ মিলেছে সাকিবের। নিউজিল্যান্ডের ড্যারিল মিচেল দেশে ফিরে যাওয়ায় তার জায়গায় নেওয়া হয়েছে অভিজ্ঞ এই টাইগারকে। পিএসএলে খেলার জন্য ইতোমধ্যে তিনি এনওসি চেয়ে আবেদন করেছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে, আর গণমাধ্যমের তথ্য অনুযায়ী, বিসিবি সেই আবেদন মঞ্জুর করেছে।