বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন
ইংল্যান্ড মাতাতে প্রস্তুত সাব্বির, শুরু হচ্ছে নতুন অভিযান!
অনলাইন ডেস্ক
অবশেষে ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) মিশন শেষ করে এবার নতুন রোমাঞ্চের খোঁজে ইংল্যান্ড পাড়ি জমিয়েছেন জাতীয় দলের বাইরে থাকা ব্যাটসম্যান সাব্বির রহমান। দেশের গণ্ডি ছাড়িয়ে এবার মিডলসেক্সের অক্সব্রিজ ক্লাবের হয়ে ইংল্যান্ড প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ মাতাতে প্রস্তুত তিনি।
গণমাধ্যমকে দেওয়া এক বার্তায় সাব্বির জানালেন, ‘ইংল্যান্ডের প্রিমিয়ার ডিভিশনের কাউন্টি ক্রিকেট লিগে মিডলসেক্সের অধীনে অক্সব্রিজ ক্লাবের জার্সি গায়ে জড়াব। আগামী ১০ মে থেকে শুরু হচ্ছে লড়াই। এরই মধ্যে একটি প্রীতি ম্যাচে ৭০ রানের ঝড়ো ইনিংস ও ২ উইকেট তুলে আত্মবিশ্বাস বাড়িয়েছি।’
দেশ ছাড়ার আগে সাব্বিরের কণ্ঠে শোনা গেল নতুন চ্যালেঞ্জের উত্তেজনা, ‘একটি বিদেশি লিগে খেলার সুযোগ হয়েছে। ইংল্যান্ডের একটি দলে সবকিছু চূড়ান্ত হয়েছে। দেশে এই মুহূর্তে কোনো ক্যাম্প বা খেলা নেই, তাই এই সুযোগ কাজে লাগাতে চাই। পরিবারের সবাইও সঙ্গে থাকবে। আশা করছি, নতুন এই মিশন দারুণ কিছু অভিজ্ঞতা দেবে।’
ডিপিএল প্রসঙ্গে সাব্বির বলেন, ‘এই বছর ডিপিএল মোটামুটি ভালোই কাটল। তবে কিছুটা বিশৃঙ্খলা ছিল, বিশেষ করে পারিশ্রমিক নিয়ে জটিলতা তৈরি হয়েছিল। কিছু দলের মালিকদের খুঁজে পাওয়া যাচ্ছিল না। সব মিলিয়ে একটু বিশৃঙ্খল মনে হয়েছে। তবে আলহামদুলিল্লাহ শেষ পর্যন্ত ভালোভাবেই টুর্নামেন্ট শেষ করেছি।’