শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন
মোদি-জেলেনস্কি সংলাপে যুদ্ধবিরতির সম্ভাবনায় কূটনীতির জোয়ার
অনলাইন ডেস্ক
ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কির সঙ্গে টেলিফোনে কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোমবার এক বিবৃতিতে জেলেনস্কি এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, চলমান যুদ্ধ পরিস্থিতি নিয়ে তাদের মধ্যে গভীর ও গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। খবর গণমাধ্যমের।
রাশিয়ান তেল আমদানির কারণে যুক্তরাষ্ট্রের উচ্চ শুল্কের মুখে পড়া ভারতের এই সময়ে ইউক্রেনের নেতার সঙ্গে মোদির এই ফোনালাপ কূটনৈতিক মহলে বিশেষ তাৎপর্য বহন করছে। এর পেছনে আরও একটি আলোচিত কারণ হলো, বিভিন্ন সূত্রে গুঞ্জন ছড়িয়েছে যে আলাস্কায় সাবেক মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন ইউক্রেনকে ভাগ করে দিয়ে যুদ্ধবিরতির পথ তৈরি করতে যাচ্ছেন।
জেলেনস্কির দেওয়া তথ্য অনুযায়ী, ইউক্রেনের প্রেসিডেন্ট যুদ্ধ বন্ধে আন্তর্জাতিক শান্তি প্রচেষ্টায় ভারতের সরাসরি সমর্থন চেয়েছেন। জবাবে ভারত ইতিবাচক সাড়া দিয়েছে।
জেলেনস্কি আরও বলেছেন, ভারত আমাদের শান্তি উদ্যোগে পাশে দাঁড়াচ্ছে—এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইউক্রেন সংক্রান্ত সব সিদ্ধান্তে আমাদের অংশগ্রহণ থাকা আবশ্যক, অন্য কোনো প্রক্রিয়া ফলপ্রসূ হবে না।
প্রধানমন্ত্রী মোদি পাল্টা জবাবে জানান, তিনি ইউক্রেনের প্রেসিডেন্টকে যুদ্ধ বিষয়ে ভারতের সুস্পষ্ট অবস্থান ব্যাখ্যা করেছেন।
এক্স-এ প্রকাশিত বার্তায় মোদি লিখেছেন, সংঘাতের দ্রুত ও শান্তিপূর্ণ সমাধানের প্রয়োজনীয়তায় ভারতের অবস্থান অপরিবর্তিত। এই সংকটে ভারত সম্ভাব্য সব ধরনের অবদান রাখতে প্রস্তুত, পাশাপাশি ইউক্রেনের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও দৃঢ় করতে প্রতিশ্রুতিবদ্ধ।