শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
শোকের ছায়ায় টাইগারদের আজ জয়ের দারুণ সুযোগ!
অনলাইন ডেস্ক
উত্তরার ভয়াবহ বিমান দুর্ঘটনায় স্তব্ধ গোটা দেশ। এ শোকাবহ মুহূর্তে আজ সন্ধ্যা ৬টায় মিরপুরে গড়াতে চলেছে বাংলাদেশ-পাকিস্তান দ্বিতীয় টি–টোয়েন্টি ম্যাচ। শুধু ক্রিকেট নয়, আজ টাইগারদের কাছে ম্যাচটি হয়ে উঠেছে এক ধরনের জাতীয় দায়িত্ব।
প্রথম ম্যাচে পাকিস্তানকে সাত উইকেটে হারিয়ে ১–০ তে এগিয়ে আছে বাংলাদেশ। আজকের জয় মানেই সিরিজ নিজেদের করে নেওয়া। অন্যদিকে, সিরিজে টিকে থাকতে হলে পাকিস্তানের জয়ের কোনো বিকল্প নেই।
মিরপুরের মন্থর উইকেটের চরিত্র আগের মতোই থাকবে বলে ধারণা করা হচ্ছে। প্রথম ম্যাচে স্পিনারদের আধিপত্য ছিল চোখে পড়ার মতো। যদিও পাকিস্তানের কোচ মাইক হেসন পিচ নিয়ে অসন্তোষ জানিয়েছেন, তথাপি আজকের উইকেটেও স্পিনাররাই পার্থক্য গড়তে পারেন।
এ কারণে বাংলাদেশ প্রথম ম্যাচের অপরিবর্তিত একাদশই মাঠে নামাবে বলে ধারণা করছে বিশ্লেষকরা।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ:
তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, লিটন দাস (অধিনায়ক), তাওহীদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারী, জাকের আলী অনিক, শেখ মেহেদী হাসান, তানজিম হাসান সাকিব, রিশাদ হোসেন, মোস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ।
পাকিস্তানের সম্ভাব্য একাদশ:
সাইম আইয়ুব, সাহিবজাদা ফারহান, মোহাম্মদ হারিস, হাসান নওয়াজ, সালমান আলী আগা (অধিনায়ক), খুশদিল শাহ, হুসাইন তালাত, ফাহিম আশরাফ, আব্বাস আফ্রিদি, সালমান মির্জা ও আবরার আহমেদ।
শ্রদ্ধা ও লড়াইয়ের সন্ধিক্ষণে ক্রিকেট
গণমাধ্যম জানায়, ম্যাচ ঘিরে বিসিবি নিয়েছে বিশেষ কিছু পদক্ষেপ। শুরুতে এক মিনিট নীরবতা পালন করা হবে, খেলোয়াড়রা কালো আর্মব্যান্ড পরে মাঠে নামবেন। জাতীয় পতাকা থাকবে অর্ধনমিত। স্টেডিয়ামে বাজবে না কোনো সংগীত। সবই জাতির শোকের প্রতি সম্মান জানিয়ে।
আজকের ম্যাচ তাই শুধু একটি জয়-পরাজয়ের খেলা নয়—এটি হয়ে উঠেছে একটি জাতির বেদনার মাঝে জয়ের খোঁজের গল্প।