শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন
মিরপুরে মুখোমুখি দুই চিরপ্রতিদ্বন্দ্বী, উত্তেজনা তুঙ্গে!
অনলাইন ডেস্ক
বাংলার মাটিতে আবারও ক্রিকেট রোমাঞ্চ—শুরু হতে যাচ্ছে বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজ। তিন ম্যাচের উত্তেজনাপূর্ণ এই সিরিজ খেলতে ঢাকায় পা রেখেছে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল। রোববার (২০ জুলাই) মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে মাঠে গড়াবে প্রথম লড়াই। আর তার আগের দিন, শনিবার সংবাদ সম্মেলনে বাংলাদেশের প্রশংসায় মুখর হয়ে উঠলেন পাকিস্তান অধিনায়ক সালমান আলি আগা।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে সালমান আলি আগা বলেন, ‘বাংলাদেশ আমাদের জন্য সবসময়ই চ্যালেঞ্জিং প্রতিপক্ষ। যে দেশেই খেলি না কেন, তারা দারুণ প্রতিদ্বন্দ্বিতা করে। আর নিজেদের ঘরের মাঠে তো তাদের বিপক্ষে খেলা আরও কঠিন। এখানকার কন্ডিশন, উইকেট, দর্শক—সবই চ্যালেঞ্জ। তবে আমরা প্রস্তুত, আর খেলতে মুখিয়ে আছি।’
উল্লেখ্য, বাংলাদেশ ২০১৬ সালের পর থেকে এখনও টি-টোয়েন্টিতে পাকিস্তানকে হারাতে পারেনি। তবে সালমান বলছেন, অতীত নয়, তারা তাকাচ্ছেন বর্তমানের দিকেই। ‘আমরা পুরোনো রেকর্ডে বিশ্বাস করি না। আমাদের প্রতিটি সিরিজই নতুন এক যুদ্ধ। এখানে আমরা ম্যাচ বাই ম্যাচ এগোতে চাই। লক্ষ্য অবশ্যই সবক’টি ম্যাচে জয়, তবে সেটা যে সহজ হবে না, তা জানি,’—বললেন তিনি।
নতুনদের নিয়েও রোমাঞ্চিত পাকিস্তান অধিনায়ক। তার কথায়, ‘টি-টোয়েন্টি ফরম্যাটের চরিত্র বদলাচ্ছে নিয়মিত। প্রায় ছয় মাস পরপর টেকটোনিক শিফট হচ্ছে। আমাদের স্কোয়াডেও তরুণদের জায়গা করে দিচ্ছি। দুইজন নতুন পেসার এসেছে, যারা দারুণ প্রতিভাবান। আমি তাদের নিয়ে আশাবাদী—এবং খুবই এক্সাইটেড।’
এবারের সিরিজের তিনটি ম্যাচই হবে ঢাকার মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। প্রতিটি ম্যাচের প্রথম বল গড়াবে সন্ধ্যা ৬টায়। আয়োজক দেশ হিসেবে বাংলাদেশ মাঠে নামবে ঘরের দর্শকদের বিশাল সমর্থন নিয়ে।
পাকিস্তান স্কোয়াডের নেতৃত্বে রয়েছেন সালমান আলি আগা। তার সঙ্গে আছেন আরও ১৪ ক্রিকেটার: আবরার আহমেদ, আহমেদ দানিয়াল, ফাহিম আশরাফ, ফখর জামান, হাসান নওয়াজ, হুসেইন তালাত, খুশদিল শাহ, মোহাম্মদ আব্বাস আফ্রিদি, মোহাম্মদ হারিস (উইকেটরক্ষক), মোহাম্মদ নওয়াজ, সাহিবজাদা ফারহান, সাইম আইয়ুব, সালমান মির্জা এবং সুফিয়ান মুকিম।
গণমাধ্যম জানায়, ক্রিকেটপ্রেমীরা এই সিরিজ ঘিরে বেশ উত্তেজিত। অনেকেই মনে করছেন, এই সিরিজটি হতে যাচ্ছে দুই দলের আত্মবিশ্বাস যাচাইয়ের এক বড় মঞ্চ।