শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন
নেতৃত্ব নিয়ে তাইজুলের স্পষ্ট বার্তা: আমি তৈরি, সুযোগ চাই
অনলাইন ডেস্ক
বাংলাদেশ টেস্ট দলের নেতৃত্ব নিয়ে যখন চারদিকে অনিশ্চয়তার ধোঁয়া, ঠিক তখনই নিজের নাম আলোচনার কেন্দ্রে এনে ফেললেন বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম। দেশের দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারি সরাসরিই জানিয়ে দিলেন—যদি নেতৃত্ব আসে, তবে তিনি একেবারেই প্রস্তুত।
সম্প্রতি ক্রিকবাজকে দেওয়া এক সাক্ষাৎকারে তাইজুল বলেন, “আমি মনে করি, অধিনায়ককে গুরুত্ব দেওয়া দরকার। আমি কখনোই ভাবি না যে আমি এটা করতে পারব না। এটা কোনো লোভ নয়, বরং একধরনের দায়িত্ব। যদি সুযোগ আসে, আমি তা নিতেই প্রস্তুত।”
নাজমুল হোসেন শান্ত যখন টেস্ট অধিনায়কত্ব ছেড়ে দিলেন, তখনই শেষ হলো দেশের সবচেয়ে সফল টেস্ট অধিনায়কের অধ্যায়। শান্তর অধিনায়কত্বে বাংলাদেশ জয় পেয়েছে ৪টি টেস্টে, হার ৯টি, ড্র ১টি—জয়-হার হার ২৮.৫৭%, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ সাফল্য।
তার বিদায়ের পর থেকেই নেতৃত্ব নিয়ে শুরু হয়েছে গুঞ্জন। এখনো আনুষ্ঠানিকভাবে কাউকে দায়িত্ব না দিলেও অনেকেই মনে করেন, ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজকে টেস্টেও নেতৃত্ব দেওয়া যেতে পারে। তবে বোর্ডের ভিতরে আলাদা ফরম্যাটে আলাদা নেতৃত্বের চিন্তা স্পষ্টভাবে ঘুরছে।
টেস্ট দলে ধারাবাহিকভাবে জায়গা পাওয়া হাতে গোনা কয়েকজনের মধ্যে একজন তাইজুল। ২০১৪ সাল থেকে জাতীয় দলের সঙ্গে থাকা এই অভিজ্ঞ স্পিনার ইতোমধ্যেই দেশের দ্বিতীয় সর্বোচ্চ টেস্ট উইকেটশিকারি হয়ে উঠেছেন। এমন প্রেক্ষাপটে বোর্ড চাইলে তাকেই নতুন দায়িত্বে ভাবতে পারে।
তাইজুল বলেন, “একজন অধিনায়কের দৃষ্টিভঙ্গি থাকা জরুরি। আমি দু’বছর পর দলকে কোথায় দেখতে চাই, সেই পরিকল্পনা থাকা দরকার। টিম ম্যানেজমেন্ট আর বোর্ড কর্মকর্তাদেরও সেই লক্ষ্যে এগোতে হবে।”
২০২১ সালে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের পর থেকেই তাইজুলের বোলিংয়ে এসেছে দারুণ শৃঙ্খলা। এক সময় বিদেশে ব্যয়বহুল হয়ে পড়লেও এখন তিনি গতি নিয়ন্ত্রণ, লাইন-লেন্থ এবং ভ্যারিয়েশনের দিক থেকে অনেক পরিণত।
তাইজুল বলছেন, “বয়স ও অভিজ্ঞতা এখন আমার পক্ষেই কাজ করছে। আগের মতো নয়, এখন জানি কোথায় বল ফেললে উইকেট মিলবে। উন্নতি করছি নিয়মিত—আলহামদুলিল্লাহ।”
তার মতে, এখন তার পেস ভ্যারিয়েশন হয়ে উঠেছে কার্যকর অস্ত্র। “একটা বল ধীরে, একটা দ্রুত—ব্যাটার বিভ্রান্ত হবেই। একই গতিতে একবার টার্ন, একবার সোজা—তাতে প্রতিপক্ষের বিপদ দ্বিগুণ।”
মাঠে ধারাবাহিক পারফরম্যান্স, দলের প্রয়োজনে দায়িত্ব নেওয়ার মানসিকতা আর দীর্ঘদিনের অভিজ্ঞতা—সব মিলিয়ে তাইজুল এখন দেশের টেস্ট দলের নেতৃত্বের অন্যতম দাবিদার।
বোর্ড শেষ পর্যন্ত কাকে বেছে নেয়, সেটা ভবিষ্যতের বিষয়। তবে এ কথা নিশ্চিত—তাইজুল ইসলাম তার নামটা এই মুহূর্তে জোরালোভাবে বসিয়ে দিয়েছেন নেতৃত্বের আলোচনার মাঝখানে।