বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন
শাটডাউনের আগুনে পুড়ছে রাজস্ব—সরকার দেখছে নীরব নাটক!
অনলাইন ডেস্ক
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সংস্কার ইস্যুতে উত্তাল আন্দোলনের মাঝেও অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ জানালেন, রোববার (২৯ জুন) এনবিআরের আন্দোলনকারী কর্মকর্তাদের সঙ্গে সরকারের কোনো বৈঠক হচ্ছে না। সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘যদি তারা শাটডাউন করতে চায়, করুক। এটি তাদের ব্যাপার।’
এদিন অর্থ মন্ত্রণালয়ে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে আলাপে উপদেষ্টা পরিষদের বৈঠক প্রসঙ্গে তিনি জানান, এনবিআরের চলমান অচলাবস্থা নিয়ে আলোচনা হয়েছে এবং তা নিয়ে একটি প্রেস রিলিজ দেওয়া হবে বলে গণমাধ্যমকে জানান তিনি।
এর আগে এনবিআরের একটি অভ্যন্তরীণ সূত্র জানিয়েছিল, বিকেল ৪টায় অর্থ উপদেষ্টার কার্যালয়ে এনবিআরের আন্দোলনকারীদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠক হতে পারে। তবে উপদেষ্টার বক্তব্যে সেই সম্ভাবনা নাকচ হয়ে যায়।
অন্যদিকে, পূর্বঘোষণা অনুযায়ী রোববারও চলছে ‘কমপ্লিট শাটডাউন’ ও ‘মার্চ টু এনবিআর’ কর্মসূচি। এনবিআর সংস্কার বন্ধ ও চেয়ারম্যানের অপসারণের দাবিতে ‘সংস্কার ঐক্য পরিষদ’-এর ব্যানারে আগারগাঁওয়ের প্রধান কার্যালয়ের সামনেই অবস্থান নিয়েছেন কর্মকর্তারা।
ফলে দেশের আমদানি-রপ্তানি কার্যক্রমে দেখা দিয়েছে চরম স্থবিরতা। কনটেইনার ডেলিভারি, মূল্যায়ন ও কাস্টমস ক্লিয়ারেন্স কার্যক্রম বন্ধ থাকায় সরকার রাজস্ব আদায়ে পড়েছে সংকটে, ব্যবসা-বাণিজ্য হয়েছে বিপর্যস্ত।
গত শনিবার দেশের শীর্ষ ব্যবসায়ী সংগঠনগুলো এক সংবাদ সম্মেলনে জানায়, কেবল তৈরি পোশাক খাতেই প্রতিদিন ক্ষতি হচ্ছে প্রায় ২,৫০০ কোটি টাকা। তারা পরিস্থিতি স্বাভাবিক করতে দ্রুত সমাধানের দাবি জানিয়েছেন।
প্রসঙ্গত, ১২ মে অর্থ মন্ত্রণালয়ের এক অধ্যাদেশে এনবিআর বিলুপ্ত করে ‘রাজস্বনীতি’ ও ‘ব্যবস্থাপনা বিভাগ’ নামে দুটি নতুন বিভাগ গঠনের সিদ্ধান্ত জানানো হয়। এরপরই এই আন্দোলনের সূত্রপাত।
এক দফা আশ্বাসে আন্দোলন সাময়িক থামলেও ২২ জুন থেকে আবার শুরু হয়েছে দাবি আদায়ের জন্য নতুন ধাপের আন্দোলন—এবার দাবি আরও কঠোর: এনবিআর চেয়ারম্যানের অপসারণ।