মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন
বিগ ব্যাশে বাংলাদেশিদের খেলা এখন শুধু সময়ের অপেক্ষা!
অনলাইন ডেস্ক
অস্ট্রেলিয়ার বিখ্যাত টি-টোয়েন্টি ফ্রাঞ্চাইজি লিগ বিগ ব্যাশে বাংলাদেশি ক্রিকেটারদের উপস্থিতি বরাবরই সীমিত। এখন পর্যন্ত কেবল সাকিব আল হাসানই মাঠে নেমেছেন এই টুর্নামেন্টে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে। যদিও পরে রিশাদ হোসেনের নাম উঠে এসেছিল, তবে বিপিএলের সঙ্গে সময়কাল মিলে যাওয়ায় খেলার সুযোগ পাননি হোবার্ট হারিকেন্সে ডাক পাওয়া এই লেগস্পিনার।
এবার বড়সড় এক সম্ভাবনার দ্বার খুলছে বাংলাদেশের ক্রিকেটের জন্য। ২০২৫-২৬ মৌসুমের বিগ ব্যাশ ড্রাফটে নাম উঠেছে মোট ১১ জন বাংলাদেশি ক্রিকেটারের। আগের মৌসুমে হোবার্ট হারিকেন্সের হয়ে খেলেছিলেন রিশাদ হোসেনও, যাকে এবার রিটেইন করার সুযোগ রয়েছে ফ্র্যাঞ্চাইজিটির।
ড্রাফটে থাকা অন্য বাংলাদেশি ক্রিকেটাররা হলেন: শেখ মেহেদী হাসান, মেহেদী হাসান মিরাজ, তানজিম হাসান সাকিব, তানজিদ হাসান তামিম, শামীম হোসেন পাটোয়ারি, তাওহীদ হৃদয়, তাইজুল ইসলাম, হাসান মাহমুদ, মোস্তাফিজুর রহমান এবং সৌম্য সরকার।
তবে এই নামগুলো উঠলেও সবাই অস্ট্রেলিয়ার মাঠে নামার গ্যারান্টি নেই। মূল প্রতিবন্ধকতা একই—বিপিএল ও বিগ ব্যাশের সময়সূচির ওভারল্যাপ হওয়ায় বাংলাদেশি খেলোয়াড়দের এনওসি পাওয়া কঠিন। তাই আগ্রহ থাকা সত্ত্বেও ফ্র্যাঞ্চাইজিগুলো ঝুঁকি নিতে দ্বিধাগ্রস্ত হয়।
গণমাধ্যমে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে মোস্তাফিজুর রহমানের নাম, যা তার প্রতি দলগুলোর আগ্রহের স্পষ্ট প্রমাণ। পুরো মৌসুমের জন্য নাম দিয়েছেন এই ১১ ক্রিকেটারই, তাই সুযোগ পেলে তাদেরকে পুরো মৌসুমে খেলতে দেখা যেতে পারে।
এবারের ড্রাফটে অংশ নিয়েছেন ৩০টিরও বেশি দেশের ছয় শতাধিক ক্রিকেটার। শুধু টেস্ট খেলুড়ে দেশ নয়, হংকং, রুয়ান্ডা, জাপান, গ্রিস, ইন্দোনেশিয়া ও হাঙ্গেরির মতো নতুন ক্রিকেট দেশ থেকেও নাম উঠেছে। ড্রাফট অনুষ্ঠিত হবে ১৯ জুন।
দেখার বিষয়, বিগ ব্যাশের আন্তর্জাতিক মঞ্চে এবার কতজন বাংলাদেশি ক্রিকেটার জায়গা করে নিতে পারবেন, আর তাদের মধ্যে কতজন মাঠে নামার সুযোগ পাবে সত্যিকারের লড়াইয়ে।