শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
দুঃসাহসিক আগুনের লড়াই তিরুভাল্লুর রেলস্টেশনে!
অনলাইন ডেস্ক
ভারতের তামিলনাড়ুর তিরুভাল্লুর রেলস্টেশনের কাছে একটি ডিজেলবোঝাই মালগাড়িতে ভয়াবহ আগুন লাগে। রোববার (১৩ জুলাই) সকাল সাড়ে পাঁচটার দিকে ঘটে যাওয়া এই ঘটনায় অন্তত চারটি বগিতে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। উড়ে ওঠে কালো ধোঁয়ার ঘনীভূত মেঘের মতো বিশাল কুণ্ডলি।
এই আগুনের ঘটনায় আশপাশের এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে দ্রুত পৌঁছায় দমকল বাহিনী ও উদ্ধারকারীরা। ঘণ্টা খানেকের পর আগুন আংশিক নিয়ন্ত্রণে আসলেও, ডিজেলের কারণে আগুন নেভানো ছিল কঠিন চ্যালেঞ্জ বলে জানান উদ্ধারকারীরা।
জানা গেছে, মানালি থেকে তিরুপতির পথে যাচ্ছিল মালগাড়িটি, যখন তিরুভাল্লুর স্টেশনের কাছে হঠাৎ আগুন লেগে যায়। রেলপথ সংলগ্ন বসতি থেকে দ্রুত মানুষকে সরিয়ে নেয়া হয় যাতে বড় বিপদ এড়ানো যায়। তবে কী কারণে আগুন লেগেছে তা এখনো স্পষ্ট হয়নি।
রেল কর্তৃপক্ষ জানিয়েছে, আগুন লাগার কারণ তদন্ত করা হচ্ছে। এই ঘটনার কারণে চেন্নাইগামী ট্রেন পরিষেবা মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। আটটি ট্রেন বাতিল করা হয়েছে এবং পাঁচটির রুট পরিবর্তন করা হয়েছে।
দক্ষিণ রেলওয়ের পক্ষ থেকে জানানো হয়, পরিস্থিতি এখন কিছুটা নিয়ন্ত্রণে এসেছে, তবে পুরোপুরি স্বাভাবিক করতে কাজ চলছে। খুব শিগগির রেলপথ স্বাভাবিক পর্যায়ে ফিরে আসবে বলেও গণমাধ্যমকে নিশ্চিত করেছেন রেল কর্তৃপক্ষ।