রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
ভারতের মানুষের ঐক্য ইরানের সাহস ও শক্তির উৎস।
অনলাইন ডেস্ক
ইরান ভারতের সাধারণ মানুষ, রাজনৈতিক দল ও বিভিন্ন সংগঠনের সমর্থনকে ‘অমূল্য’ হিসেবে অভিহিত করে কৃতজ্ঞতা প্রকাশ করেছে। ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি ঘোষণার পর বুধবার (২৫ জুন) দিল্লিতে অবস্থিত ইরানি দূতাবাস এক বিবৃতিতে এই ধন্যবাদ জানানো হয়। বিবৃতিতে বলা হয়েছে, যারা ‘ন্যায়ের পক্ষে’ এবং ‘ইরানের সার্বভৌমত্বের পাশে’ দাঁড়িয়েছেন, তাদের প্রতি ইরানের জনগণ গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে।
বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, ‘যেসব স্বাধীনতাপ্রেমী ভারতীয়—রাজনৈতিক দল, সংসদ সদস্য, বেসরকারি সংস্থা, ধর্মীয় ও আধ্যাত্মিক নেতা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সংবাদকর্মী, সামাজিক কর্মী এবং সাধারণ মানুষ— এই সংকটময় সময়ে ইরানের পাশে ছিলেন, তাদের প্রতি আমাদের আন্তরিক শ্রদ্ধা ও ধন্যবাদ।’
তেহরান আরও জানিয়েছে, এই সমর্থন ইরানি জনগণের মনোবলকে ব্যাপকভাবে উৎসাহিত করেছে। বিশেষ করে হামলার সময় গণমাধ্যমে প্রকাশিত বিবৃতি, শান্তিপূর্ণ সমাবেশ এবং সামাজিক মাধ্যমে সক্রিয় বার্তা ইরানের জনগণের সাহস ও দৃঢ়তাকে জোরদার করেছে।
তবে ইরান ভারতের সরকার সম্পর্কে কোনো স্পষ্ট মন্তব্য করেনি। বিশেষজ্ঞরা বলছেন, এটি ভারত-ইরান কূটনৈতিক সম্পর্কের ভারসাম্য রক্ষার অংশ।
গত রোববার যুক্তরাষ্ট্র ইরানের তিনটি পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে বিমান হামলা চালায়, যার ফলে ইসরায়েল-ইরান উত্তেজনা তীব্রতর হয়। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতি ঘোষণা দেন, যা বুধবার পর্যন্ত কার্যকর থাকে।
ইরানি দূতাবাস আরও জানিয়েছে, এই সমর্থন শুধুমাত্র রাজনৈতিক অবস্থান নয়, এটি ন্যায়বিচার, মানবতা ও আন্তর্জাতিক আইন রক্ষার প্রতীক। তারা দাবি করে, ইসলামী প্রজাতন্ত্র ইরান সর্বদা আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং সম্প্রসারণবাদ ও আগ্রাসনের কঠোর বিরোধী।
শেষে ইরান উল্লেখ করেছে, যুদ্ধ ও সহিংসতার বিরুদ্ধে বিশ্ববাসীর ঐক্যই প্রকৃত শান্তির পথ খুলে দিতে পারে এবং ভারতের সাধারণ মানুষের অবস্থান সেই ঐক্যের শক্তিশালী প্রমাণ।