বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন
চুক্তির চূড়ান্ত প্রান্তে ইরান-যুক্তরাষ্ট্র, বিশ্ব তাকিয়ে!
অনলাইন ডেস্ক
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পারমাণবিক চুক্তি নিয়ে একপ্রকার নীরব কূটনৈতিক যুদ্ধ চলছে। তবে সাম্প্রতিক একাধিক বৈঠকে আশাজাগানিয়া অগ্রগতি দেখা গেছে বলে গণমাধ্যম জানিয়েছে। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যে, যেকোনো সময় ঘোষণা আসতে পারে বহুল প্রতীক্ষিত এই চুক্তি সইয়ের। এমন ইঙ্গিত দিয়েছেন খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই আশাব্যঞ্জক পরিবেশে বিশ্ববাজারে জ্বালানি তেলের দর এক লাফে প্রায় চার শতাংশ হ্রাস পেয়েছে।
বৃহস্পতিবার ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ২ ডলারেরও বেশি পড়ে গিয়ে নেমে এসেছে ৬৪ ডলারে।
ট্রাম্প সাংবাদিকদের বলেছেন, “আমরা ইরানের সঙ্গে একটি বাস্তবসম্মত চুক্তির খুব কাছাকাছি চলে এসেছি। তেহরানের সঙ্গে শর্তাবলীর অধিকাংশ বিষয়ে একমত হয়েছি আমরা।”
উপসাগরীয় অঞ্চলের সফরকালীন এক প্রেস ব্রিফিংয়ে ট্রাম্প বলেন, “আমরা এমন এক আলোচনার মধ্য দিয়ে যাচ্ছি, যা কেবল যুক্তরাষ্ট্র-ইরান নয়, বরং গোটা মধ্যপ্রাচ্যের দীর্ঘমেয়াদি শান্তির জন্য এক বড় পদক্ষেপ হতে পারে।”
তিনি আরও বলেন, “চুক্তি বাস্তবায়নের দুটি পথ আছে। একটি শান্তিপূর্ণ ও সম্মানজনক, অন্যটি সহিংস। তবে আমি দ্বিতীয় পথটি কখনোই নিতে চাই না।”
তবে এ বিষয়ে ইরানের পক্ষ থেকে এখনো কিছু সতর্ক বার্তা পাওয়া গেছে। একটি অভ্যন্তরীণ সূত্র জানিয়েছে, “যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় অগ্রগতি হলেও কিছু বিষয়ে এখনো ফাঁক রয়ে গেছে, যা সময়মতো মেটাতে হবে।”
গত রোববার ওমানে অনুষ্ঠিত ইরান-মার্কিন গোপন বৈঠকে এই বিষয়গুলো আলোচনায় এসেছে। যদিও উভয়পক্ষই আরও কয়েক দফা আলোচনার প্রস্তুতি নিচ্ছে। তবে তেহরান প্রকাশ্যে এখনো তার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম থেকে একচুলও পিছপা হওয়ার ইঙ্গিত দেয়নি।