মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০১:৫২ অপরাহ্ন
অনলাইন ডেস্ক ,
দেশের বাজারে আজ শনিবার (৪ অক্টোবর) স্বর্ণের দাম ইতিহাস ছুঁয়েছে। প্রতি ভরি স্বর্ণ বিক্রি হবে ১ লাখ ৯৫ হাজার ৩৮৪ টাকায়। সর্বশেষ সোমবার (২৯ সেপ্টেম্বর) বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) প্রতি ভরিতে ২ হাজার ৪১৫ টাকা বাড়ানোর সিদ্ধান্ত নেয়।
বাজুস জানায়, আন্তর্জাতিক বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য হ্রাস পেলেও স্থানীয় বাজারে তার প্রভাব আংশিকভাবে পড়েছে। সামগ্রিক পরিস্থিতি পর্যালোচনার পর নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
নতুন হার অনুযায়ী, প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট স্বর্ণের দাম ১ লাখ ৯৫ হাজার ৩৮৪ টাকা। ২১ ক্যারেটের দাম ১ লাখ ৮৬ হাজার ৪৯৬ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৫৯ হাজার ৮৫৫ টাকা এবং সনাতন মানের স্বর্ণ বিক্রি হবে ১ লাখ ৩২ হাজার ৭২৫ টাকায়।
বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্ধারিত দামের সঙ্গে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যোগ হবে। তবে গহনার ডিজাইন ও মানের ওপর ভিত্তি করে মজুরিতে ভিন্নতা থাকতে পারে।
এ নিয়ে চলতি বছর স্বর্ণের দাম সমন্বয় করা হলো মোট ৫৯ বার। এর মধ্যে ৪১ বার দাম বেড়েছে, আর কমেছে মাত্র ১৮ বার। ২০২৪ সালে স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল ৬২ বার, যেখানে ৩৫ বার দাম বৃদ্ধি পেয়েছিল এবং ২৭ বার কমানো হয়েছিল।