শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
গরমের মধ্যে ঠান্ডা সুখবর—আগস্টেই আসছে এলএনজি!
অনলাইন ডেস্ক
দেশের ক্রমবর্ধমান জ্বালানির চাহিদা মেটাতে আসন্ন আগস্ট মাসে একটি এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) কার্গো আমদানির সিদ্ধান্ত চূড়ান্ত করেছে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটি। কাতার এনার্জি ট্রেডিং থেকে আসা এই এলএনজি কার্গোর জন্য নির্ধারিত ব্যয় ধরা হয়েছে ৫৫৬ কোটি ৭৬ লাখ টাকা।
মঙ্গলবার (১৫ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের নেতৃত্বে অনুষ্ঠিত বৈঠকে এ প্রস্তাব অনুমোদিত হয়। সেখানে উপস্থিত ছিলেন কমিটির সদস্যসহ সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তারা।
গণমাধ্যম সূত্রে জানা যায়, পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা-২০০৮ অনুসরণ করে আন্তর্জাতিক কোটেশনের মাধ্যমে স্পট মার্কেট থেকে এই এলএনজি সংগ্রহ করা হচ্ছে। চলতি বছরের ৪ থেকে ৫ আগস্টের মধ্যে ৩৩তম কার্গো সরবরাহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
পেট্রোবাংলার মাস্টার সেল অ্যান্ড পারচেজ অ্যাগ্রিমেন্ট (এমএসপিএ)-এর আওতায় চুক্তিবদ্ধ ২৩টি কোম্পানিকে দরপত্র আহ্বান জানানো হলে, সাড়া দেয় মাত্র তিনটি প্রতিষ্ঠান। এদের প্রস্তাব কারিগরি ও আর্থিকভাবে মূল্যায়নের পর উপযুক্ত বিবেচিত হয়। পর্যালোচনা কমিটির (পিইসি) সুপারিশ অনুসারে সবচেয়ে কম দরদাতা কাতার এনার্জি ট্রেডিং এলএলসি-কে এলএনজি সরবরাহের অনুমোদন দেওয়া হয়। প্রতি এমএমবিটিইউ এলএনজির মূল্য নির্ধারণ করা হয়েছে ১৩.২৪ মার্কিন ডলার। মোট ৩৩ লাখ ৬০ হাজার এমএমবিটিইউ আমদানিতে খরচ হবে ৫৫৬ কোটি ৭৬ লাখ টাকা।
এই এলএনজি জাতীয় গ্রিডে যুক্ত হলে গ্যাসের ঘাটতি খানিকটা হলেও কমবে বলে আশাবাদ ব্যক্ত করছেন সংশ্লিষ্টরা। সরকার নিয়মিতভাবে স্পট মার্কেট থেকে এলএনজি সংগ্রহের মাধ্যমে দেশের জ্বালানি সংকট মোকাবেলায় সচেষ্ট রয়েছে।