মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন
চাহিদা কমলেও বাজার ঠেকাতে ডলার কিনল কেন্দ্রীয় ব্যাংক
অনলাইন ডেস্ক
বাজারে ডলারের চাহিদা হ্রাস পাওয়ায় বাংলাদেশ ব্যাংক এক দৃষ্টান্তমূলক পদক্ষেপ নিয়েছে। ১৮টি ব্যাংক থেকে নিলামের মাধ্যমে ১৯১ মিলিয়ন ডলার সংগ্রহ করেছে প্রতিষ্ঠানটি।
সোমবার (১৪ জুলাই) বিষয়টি নিশ্চিত করেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান।
তিনি গণমাধ্যমকে জানান, সাম্প্রতিক সময়ে ডলারের চাহিদা কমে আসায় হঠাৎ দরপতন শুরু হয়। রপ্তানিকারক ও প্রবাসী আয় পাঠানোদের (রেমিট্যান্স) স্বার্থ বিবেচনা করে এই নিলাম আয়োজন করা হয়। বাজারে ভারসাম্য বজায় রাখতে এটা বাংলাদেশ ব্যাংকের স্বাভাবিক কাজের অংশ। দীর্ঘ সময় ডলারের দর ঊর্ধ্বমুখী থাকায় ডলার কেনার দরকার হয়নি, তাই এবারকার উদ্যোগটি নজরকাড়া দৃষ্টান্ত।
গত সপ্তাহে ডলারের মূল্য প্রায় ২ টাকা ৯০ পয়সা হ্রাস পায়। রেমিট্যান্স ও রপ্তানি আয়ের প্রবাহ বাড়ায় বাজারে ডলার অতিরিক্ত থাকায় এই দরপতনের প্রভাব পড়ে। বৃহস্পতিবার অধিকাংশ ব্যাংক রেমিট্যান্স ডলার কিনতে ১২০ টাকা রেট প্রস্তাব দেয়। তবে কিছু ব্যাংক ১২০ টাকা ৫০ পয়সা পর্যন্ত দর চায়। এর আগে গত ডিসেম্বরে মাত্র দুই কার্যদিবসে ডলার-টাকার রেট দুই দফা রেকর্ড ভেঙে ১২৮ টাকায় পৌঁছায়, যার ফলে বাংলাদেশ ব্যাংককে হস্তক্ষেপ করতে হয়। এরপর বাজারে স্থিতিশীলতা ফেরে।
সে সময় অস্বাভাবিক দামে ডলার কেনার অভিযোগে ১৩ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের কাছে ব্যাখ্যা চেয়ে চিঠি পাঠায় কেন্দ্রীয় ব্যাংক।
গভর্নর আহসান এইচ মনসুর তখন মন্তব্য করেন, কিছু ব্যাংকের অপরিপক্ব সিদ্ধান্তের কারণে ডলার বাজারে অস্থিরতা সৃষ্টি হয়। বিদেশি এক্সচেঞ্জ হাউসগুলো ইচ্ছামতো দাম বাড়াচ্ছে, যা সহ্য করা হবে না। দেশের ভেতরেই ডলারের সঠিক মূল্য নির্ধারিত হবে।
পরবর্তীতে, চলতি বছরের মে মাসে বাংলাদেশ ব্যাংক বাজারভিত্তিক বিনিময় হার ব্যবস্থায় প্রবেশ করে।