মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন
বিটকয়েন ছুঁলো ইতিহাস! দামে আগুন, লক্ষ্য এখন দেড় লাখ!
অনলাইন ডেস্ক
নতুন এক ইতিহাস রচনা করল বিশ্বের সর্বাধিক জনপ্রিয় ক্রিপ্টোকারেন্সি বিটকয়েন। ১৩ জুলাই সোমবার প্রথমবারের মতো এর মূল্য ১ লাখ ২০ হাজার মার্কিন ডলার অতিক্রম করেছে, যা বিটকয়েনের ইতিহাসে এখন পর্যন্ত সর্বোচ্চ রেকর্ড হিসেবে বিবেচিত হচ্ছে।
এশিয়ার সকালের ট্রেডিং ঘন্টায় বিটকয়েনের মূল্য এক পর্যায়ে ১ লাখ ২১ হাজার ২০৭ ডলারের কাছাকাছি পৌঁছে যায় এবং দিন শেষে এটি ১ লাখ ২০ হাজার ৮৫৬ ডলারে স্থির হয়। বছরের শুরু থেকে এখন পর্যন্ত এটি প্রায় ২৯ শতাংশ মূল্যবৃদ্ধি অর্জন করেছে।
বিশ্লেষকদের মতে, এই উল্লম্ফনের পেছনে রয়েছে কয়েকটি উল্লেখযোগ্য কারণ। যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদ ডিজিটাল অ্যাসেট খাতকে কেন্দ্র করে কয়েকটি গুরুত্বপূর্ণ বিলের আলোচনা শুরু করেছে, যা বিনিয়োগকারীদের মধ্যে আশাবাদের সঞ্চার ঘটিয়েছে। অন্যদিকে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেকে ‘ক্রিপ্টো প্রেসিডেন্ট’ হিসেবে ঘোষণা দিয়ে এই খাতে সংস্কারের পক্ষে অবস্থান নিয়েছেন, যা আস্থা আরও জোরদার করেছে।
বিশ্বখ্যাত বিনিয়োগ প্রতিষ্ঠান ব্ল্যাকরকের স্পট বিটকয়েন ইটিএফ-এ বর্তমানে সাত লাখের বেশি বিটকয়েন রয়েছে। এই ধরনের প্রতিষ্ঠানিক বিনিয়োগ বাজারে স্থিতিশীলতা এবং আস্থার অন্যতম ভিত্তি হিসেবে কাজ করছে। বিশ্লেষকদের মতে, ১ লাখ ২০ হাজার ডলারের মাইলফলক অতিক্রম করায় এখন নতুন লক্ষ্য ১ লাখ ৫০ হাজার ডলার। দীর্ঘমেয়াদি হোল্ডার এবং ব্লকচেইনভিত্তিক বিশ্লেষণ এই প্রবণতাকে শক্তিশালী সমর্থন দিচ্ছে।
বর্তমানে বিটকয়েনের মোট বাজারমূল্য দাঁড়িয়েছে প্রায় ২.৫ ট্রিলিয়ন মার্কিন ডলারে। দ্বিতীয় স্থানে থাকা ইথারও ঊর্ধ্বমুখী হয়ে ৩ হাজার ৪৮ ডলারের ঘরে পৌঁছেছে। সম্মিলিতভাবে পুরো ক্রিপ্টো মার্কেটের বাজারমূল্য এখন প্রায় ৩.৭৮ ট্রিলিয়ন ডলার বলে জানিয়েছে গণমাধ্যম।