বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
ছুটি দীর্ঘ, কিন্তু থামবে না দেশের অর্থনীতির চাকা!
অনলাইন ডেস্ক
আগামীকাল বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে ঈদুল আজহার ছুটি। পুরো ১০ দিনের ছুটিতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলো থাকবে বন্ধ। তবে এত দীর্ঘ ছুটিও দেশের অর্থনীতিতে ছায়া ফেলবে না বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
আজ বুধবার দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলনকক্ষে সরকারি ক্রয়-সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
অর্থ উপদেষ্টা বলেন, “অর্থনীতির চাকা থামবে না। ব্যবসায়ীরা নিজ নিজ জায়গা থেকে তাদের কার্যক্রম চালিয়ে যাবেন। বাংলাদেশ ব্যাংক ইতোমধ্যেই জানিয়েছে, কোন কোন দিন কোথায় কোথায় ব্যাংক খোলা থাকবে, এমনকি গরুর হাটেও কিভাবে ব্যাংকিং সেবা থাকবে, সে পরিকল্পনা তৈরি।”
তিনি জানান, আগামী ২২ জুন জাতীয় বাজেট অনুমোদন পাবে। এর আগে ১৯ জুন পর্যন্ত বাজেট নিয়ে যেকোনো পরামর্শ ও মতামত গ্রহণ করা হবে।
তিনি আরও বলেন, ঈদের পরে বাজেট নিয়ে বিভিন্ন মহলের পর্যবেক্ষণ ও পরামর্শ গ্রহণ করা হবে এবং সেগুলোর গুরুত্ব বিবেচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
উল্লেখ্য, ২ জুন ২০২৫-২৬ অর্থবছরের জন্য ৭ লাখ ৯০ হাজার কোটি টাকার প্রস্তাবিত বাজেট উত্থাপন করেন ড. সালেহউদ্দিন।
এই বাজেট দেশের ৫৪তম, অন্তবর্তীকালীন সরকারের প্রথম এবং অর্থ উপদেষ্টারও প্রথম বাজেট। তিনি বলেন, “এই বাজেটে সাধারণ মানুষের জন্য রয়েছে বাস্তব স্বস্তির বার্তা।”
গণমাধ্যমের কাছে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, “এ বাজেটে সুখবর আছে, স্বস্তিও আছে।”