বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
সংসদ নেই, বাজেট আছে—নতুন ধারায় অর্থনীতির যাত্রা!
অনলাইন ডেস্ক
অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ ২০২৫-২৬ অর্থবছরের জন্য ৭ লাখ ৮৯ হাজার ৯৯৯ কোটি টাকার ব্যতিক্রমধর্মী বাজেট প্রস্তাব উত্থাপন শুরু করেছেন। এটি অন্তর্বর্তী সরকারের অধীনে প্রথম এবং দেশের ইতিহাসে ৫৪তম বাজেট, যা উপস্থাপন করছেন প্রবীণ অর্থনীতিবিদ ড. সালেহউদ্দিন।
অর্থ মন্ত্রণালয়ের বরাতে জানা গেছে, এবারের বাজেটের মূল তিনটি অগ্রাধিকার—অস্থির মূল্যস্ফীতি দমন, রাজস্ব আয় বাড়ানো এবং অর্থনৈতিক ভারসাম্য পুনরুদ্ধার। তবে বিস্ময়ের বিষয়, এই বাজেটের আকার গত ২০২৪-২৫ অর্থবছরের চেয়ে কিছুটা ছোট। আওয়ামী লীগ সরকারের শেষ বাজেটের প্রস্তাব ছিল ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকা, যা সাবেক অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী পেশ করেছিলেন। তবে বছরের মাঝপথে কাটছাঁটের পর সেটি নেমে আসে ৭ লাখ ৮৯ হাজার ৯৯৮ কোটিতে।
নতুন বাজেটে সামাজিক নিরাপত্তা খাতকে দেওয়া হচ্ছে বাড়তি গুরুত্ব। কিছু ভাতা কর্মসূচির আওতা ও উপকারভোগীর সংখ্যা বাড়ানো হবে। গ্রামীণ অবকাঠামো খাতে, বিশেষ করে রাস্তা নির্মাণ ও সংস্কারে জোর দেওয়া হবে, যাতে কর্মসংস্থান বাড়ে। জাতীয় সংসদ বিলুপ্ত থাকায় এবারের বাজেট প্রচারিত হচ্ছে বিটিভিসহ সব বেসরকারি গণমাধ্যমে। সংসদ না থাকায় কোনো আনুষ্ঠানিক বিতর্কের সুযোগ থাকছে না, তবে বাজেট ঘোষণার পর নাগরিকদের মতামত আহ্বান করবে অর্থ মন্ত্রণালয়। মতামতের আলোকে বাজেট হবে চূড়ান্ত এবং আগামী ২৩ জুনের পর অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠকে অনুমোদনের পর রাষ্ট্রপতির অধ্যাদেশের মাধ্যমে তা কার্যকর হবে ১ জুলাই থেকে।
বিগত বছরগুলোতে বাজেট ঘোষণা হতো জুনের প্রথম বৃহস্পতিবার। তবে এবারের ভিন্নতা হলো—ঈদুল আজহার (৭ জুন) ছুটির আগে বাজেট পেশ করছেন অর্থ উপদেষ্টা। বাজেট–পরবর্তী সংবাদ সম্মেলন হবে আগামীকাল ৩ জুন, মঙ্গলবার বিকেল ৩টায় ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে, যেখানে সাংবাদিকরা প্রশ্ন করার সুযোগ পাবেন বলে জানিয়েছে গণমাধ্যম।