সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন
অনলাইন ডেস্ক,
এশিয়া কাপে পাকিস্তানকে হারিয়ে শিরোপা জয়ের পরও মাঠের বাইরের আচরণে আলোচনায় ছিল ভারত। বিশেষ করে ম্যাচ শেষে পাকিস্তানি ক্রিকেটারদের সঙ্গে করমর্দন না করার ঘটনায় তোলপাড় হয় ক্রিকেটবিশ্ব। এবার সেই একই দৃশ্য দেখা যেতে পারে নারী ওয়ানডে বিশ্বকাপেও।
চলমান নারী ওয়ানডে বিশ্বকাপে মুখোমুখি হতে যাচ্ছে ভারত ও পাকিস্তান। শ্রীলঙ্কার কলম্বোয় অনুষ্ঠিতব্য এই ম্যাচের আগে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) নিজস্ব অবস্থানে অনড় রয়েছে। বোর্ডের নির্দেশনা অনুযায়ী, পাকিস্তানি ক্রিকেটারদের সঙ্গে করমর্দন করবেন না ভারতের নারী ক্রিকেটাররা।
রোববার (৫ অক্টোবর) কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে মাঠে নামবে দুই দল। ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, বিসিসিআই কর্তৃপক্ষ স্পষ্টভাবে জানিয়েছে—ম্যাচ শেষে পাকিস্তানের কোনো ক্রিকেটারের সঙ্গে হাত মেলানো যাবে না। দলের সব সদস্যকেই এই বিষয়ে ব্রিফ করা হয়েছে।
অর্থাৎ ফাতিমা সানা ও হারমানপ্রীত কৌরের মধ্যে করমর্দনের কোনো সম্ভাবনাই নেই। তবে বিসিসিআই সচিব দেবজিৎ শইকীয়া এ বিষয়ে কিছুটা ধোঁয়াশা রেখেছেন। তিনি বলেন, “আমরা পাকিস্তানের বিরুদ্ধে নিয়ম মেনেই খেলব। সম্পর্কের কোনো পরিবর্তন হয়নি। তবে হ্যান্ডশেক হবে কিনা, তা নিয়ে এখনই কিছু বলতে পারছি না।”
এদিকে নারী বিশ্বকাপে ইতোমধ্যেই শুভসূচনা করেছে ভারত। প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে আত্মবিশ্বাসী হয়ে উঠেছে হারমানপ্রীত কৌরের দল। আর আগামী ম্যাচে পাকিস্তানের বিপক্ষে মাঠের ভেতর যতটা উত্তেজনা থাকবে, মাঠের বাইরের আচরণ নিয়েও ততটাই আলোচনা ছড়াবে তা বলাই যায়।