শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন
রাজনীতি নয়, এবার মাঠে গড়াবে ভারত-পাকিস্তানের লড়াই!
অনলাইন ডেস্ক
দীর্ঘ জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে নিশ্চিত হলো ২০২৫ এশিয়া কাপের আয়োজন। ভারত-পাকিস্তানের টানাপোড়েনের মধ্যেও এবারের টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে মধ্যপ্রাচ্যের ঝলমলে দুই শহর—দুবাই ও আবুধাবিতে। ভারতের শীর্ষস্থানীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, আসরটি শুরু হবে ৫ সেপ্টেম্বর, চলবে ২১ সেপ্টেম্বর পর্যন্ত।
এবার মাঠে নামবে মোট আটটি দল—ভারত, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তান, ওমান, সংযুক্ত আরব আমিরাত ও হংকং। র্যাঙ্কিং ও সাম্প্রতিক ফর্ম বিবেচনায় শক্তিশালী দল ভারতই টুর্নামেন্টের ফেবারিট।
২০২৩ সালের ফাইনালে শ্রীলঙ্কাকে ১০ উইকেটে হারিয়ে শিরোপা ঘরে তোলে ভারত। ম্যাচসেরা হন দুর্দান্ত ছয় উইকেট শিকারি মোহাম্মদ সিরাজ। যদিও সেই আসর ছিল ৫০ ওভারের, এবার টুর্নামেন্ট হবে টি-টোয়েন্টি ফরম্যাটে—২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতিমঞ্চ হিসেবেও বিবেচিত।
ভারতের অংশগ্রহণ নিয়ে কিছুদিন আগে সংশয় থাকলেও, টাইমস অব ইন্ডিয়ার বরাতে জানা গেছে, বিসিসিআই ভারতীয় দল পাঠানোর ব্যাপারে সম্মতি দিয়েছে। ফলে ভারত-পাকিস্তান মহারণ এবারও দর্শকদের উত্তেজনার চূড়ায় পৌঁছে দেবে।
সংযুক্ত আরব আমিরাত এর আগেও ভারত-পাকিস্তান হাইভোল্টেজ ম্যাচ আয়োজন করেছে। এবারও দুবাই-আবুধাবির আধুনিক অবকাঠামো ও নিরাপত্তা ব্যবস্থাপনায় সফল আয়োজনের প্রত্যাশা আয়োজকদের।
এখন শুধু সূচি ঘোষণার অপেক্ষা। ক্রিকেটবিশ্ব আশা করছে—রাজনৈতিক উত্তাপ নয়, এবারের এশিয়া কাপ স্মরণীয় হবে খেলোয়াড়দের দুর্দান্ত পারফরম্যান্সে।