শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন
পাকিস্তানের বিপক্ষে বদলা নিতে প্রস্তুত টাইগারদের রোমাঞ্চকর মিশন!
অনলাইন ডেস্ক
বাংলাদেশ-পাকিস্তান: মিরপুরে আজ সন্ধ্যায় উত্তেজনার মঞ্চ, লিটনদের বদলা নেওয়ার লড়াই
আজ (২০ জুলাই) সন্ধ্যা ৬টায় মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হচ্ছে বাংলাদেশ-পাকিস্তানের মধ্যকার তিন ম্যাচের জমজমাট টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ। আগের সিরিজে পাকিস্তানের বিপক্ষে ৩-০ ব্যবধানে হারের ক্ষতে প্রলেপ দিতে এবার ঘরের মাঠেই ঘুরে দাঁড়াতে চায় টাইগাররা। কৌশল নির্ধারণে হবে মস্তিষ্কের পরীক্ষা, বিশেষ করে মিরপুরের মন্থর উইকেট মাথায় রেখে।
শ্রীলঙ্কা সফরে দুর্দান্ত জয় পাওয়ার পর আত্মবিশ্বাসী টাইগার বাহিনী এবার নামবে প্রতিশোধের অঙ্গীকার নিয়ে। কন্ডিশন যেমনই হোক, এবার আর সহজে ছাড় দেবে না বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে ২২ ম্যাচে মাত্র ৩টি জয় হলেও মিরপুরে জয় এসেছে ২ বার—এই পরিসংখ্যানই বাড়তি অক্সিজেন হতে পারে টাইগারদের জন্য।
উইকেট যদি পূর্বের ধারায় থাকে, তবে স্পিনাররাই হতে পারেন ম্যাচের নায়ক। এমন পরিস্থিতিতে একাদশে স্পিন-নির্ভর কৌশলই সম্ভাব্য। ওপেনিংয়ে দেখা যাবে ইমন ও তানজিদ হাসানকে। অধিনায়ক লিটন তিনে, তার পর হৃদয়, শামীম, আর ফিনিশারে দায়িত্বে জাকের। অলরাউন্ড প্যাকেজ হিসেবে শেখ মেহেদী ও রিশাদ কিংবা বিকল্প নাসুম হতে পারেন টার্নিং ফ্যাক্টর।
পেস ইউনিটে মুস্তাফিজ-তাসকিন তো আছেনই, তৃতীয় পেসার হিসেবে লড়ছেন সাইফউদ্দিন ও তানজিম। বাড়তি ব্যাটিং শক্তি চাইলে সাইফউদ্দিন এক ধাপ এগিয়ে।
পেছনে তাকালে দেখা যায়, পাকিস্তানের বিপক্ষে সাফল্যের ইতিহাস খুব একটা সমৃদ্ধ নয়—২২ ম্যাচে জিতেছি মাত্র ৩টিতে। তবে আশার কথা, সেই তিন জয়ের ২টিই মিরপুরে। ঘরের মাঠের আবহে লিটনদের জন্য এটাই সেরা সুযোগ বদলা নেওয়ার। যদি আবহাওয়া অনুমতি দেয়, তাহলে আজ মিরপুরে হতে পারে একটি রোমাঞ্চকর ক্রিকেট সন্ধ্যা।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ:
লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, জাকের আলী অনিক (উইকেটকিপার), তাওহীদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারী, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন/নাসুম আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন/তানজিম হাসান সাকিব, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ।