মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন
একটা শব্দ, ছয় ম্যাচ শাস্তি—ডুদুর ক্যারিয়ারে দাগ!
অনলাইন ডেস্ক
বিতর্কে জড়িয়ে বড় শাস্তির মুখে ডুদু, সাবেক সভাপতির বিরুদ্ধে কড়া মন্তব্যে ছয় ম্যাচ নিষিদ্ধ
বিতর্কিত মন্তব্যের চড়া মূল্য গুনতে হলো অ্যাথলেটিকো মিনেইরোর ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ডুদুকে। নিজের পুরোনো ক্লাব পালমেইরাসের প্রেসিডেন্ট লেইলা পেরেইরাকে প্রকাশ্যে আক্রমণ করে তিনি শিকার হলেন নিষেধাজ্ঞার। ব্রাজিলের ক্রীড়া আদালত তাকে ছয় ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে, সঙ্গে দিতে হবে ৯০ হাজার রিয়াল (প্রায় ১৬ হাজার ডলার) জরিমানা।
ঘটনার সূত্রপাত চলতি বছরের জানুয়ারিতে। একটি সাক্ষাৎকারে লেইলা বলেন, ‘ডুদু ক্লাব ছেড়েছেন পিছনের দরজা দিয়ে।’
এই মন্তব্যে রেগে গিয়ে ইনস্টাগ্রামে ডুদু লেখেন, ‘ট্রাকটাই ছিল বেশি ওজনদার, তাই পিছনের দরজা দিয়ে বের করতে হয়েছে! আমার ঐতিহ্য ছিল হৃদয়ভরা, আপনার মতো প্লাস্টিক নয়, মিসেস লেইলা। দয়া করে আমাকে ভুলে যান, VTNC!’
উল্লেখ্য, VTNC ব্রাজিলে একধরনের মারাত্মক অপমানসূচক গালাগালির সংক্ষিপ্ত রূপ, যা জনসমক্ষে ব্যবহার বড্ড স্পর্শকাতর।
এতেই শেষ হয়নি ঘটনাক্রম। সাংবাদিক বেঞ্জামিন ব্যাকের একটি পোস্টে ডুদু আবার লেখেন, ‘তিনি কখনোই সত্য বলেন না। ক্যামেরার সামনে যা বলেন, সবটাই ফেক।’
তিনদিন আগের শুনানিতে ডুদু নিজে উপস্থিত থাকতে পারেননি, কারণ তখন তিনি অ্যাথলেটিকো মিনেইরোর হয়ে কোপা সুদামেরিকানায় কলম্বিয়ায় খেলছিলেন। তবে একটি ভিডিও বার্তা পাঠিয়ে তিনি বলেন, ‘আমার মন্তব্যে যেসব নারী কষ্ট পেয়েছেন, তাদের কাছে আমি আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী।’
কিন্তু লেইলার প্রতিক্রিয়া ছিল বিস্ফোরক। তিনি বলেন, ‘এই খেলোয়াড় আমাকে শুধু অপমান করেননি, আক্রমণ করেছেন। শুনানিতে আসেননি, শুধু একটা স্ক্রিপ্টেড ভিডিও পাঠিয়েছেন। হয়তো সেটাও rehearsed ছিল বহুবার! নারীর বিরুদ্ধে সহিংসতা কখনোই বরদাশতযোগ্য নয়, কঠিন শাস্তি চাই।’
এখনো ডুদুর সামনে আপিল করার সুযোগ আছে, তবে আপাতত ছয় ম্যাচ মাঠের বাইরে থাকতে হবে এই তারকাকে। মাঠের বাইরের একটা বাক্য যে কেরিয়ারে কালো ছাপ ফেলতে পারে—সেটাই যেন নতুন করে মনে করিয়ে দিল এই ঘটনা।