বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
পেনাল্টি মিস? আর ফিরতি শটে গোল নয় ফুটবলে!
অনলাইন ডেস্ক
আগামী বছরের জুন-জুলাইয়ে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিত হবে ফিফা বিশ্বকাপের ২৩তম জমকালো আসর। এই মহাতুর্নামেন্টের আগেই ফুটবলের কিছু গুরুত্বপূর্ণ নিয়মে বড় পরিবর্তনের প্রস্তাব নিয়ে তোলপাড় শুরু করেছে আইনপ্রণেতারা। আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে পেনাল্টির পুরনো নিয়ম বদলের সম্ভাবনা।
ব্রিটিশ গণমাধ্যম ‘দ্য সান’ জানিয়েছে, ফুটবলের আইন তৈরি ও নিয়ন্ত্রণকারী স্বাধীন আন্তর্জাতিক সংস্থা—ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড (আইএফএবি) তাদের সাম্প্রতিক বৈঠকে পেনাল্টি শটের নিয়মে পরিবর্তনের প্রস্তাব করেছে। নতুন নিয়ম অনুযায়ী, পেনাল্টি শটে ব্যর্থ হলে ফিরতি বলে আর শট নেওয়া যাবে না—তা হবে সরাসরি গোলকিক। অর্থাৎ, সুযোগ থাকবে একবারই।
আগের নিয়মে, প্রথম শট ব্যর্থ হলেও ফিরতি বলে গোলের সুযোগ পেতেন খেলোয়াড়রা। তবে বিশেষজ্ঞদের মতে, নতুন নিয়ম চালু হলে পেনাল্টি পাওয়া দল অতিরিক্ত সুবিধা ভোগ করবে না। গোলকিপারদের ক্ষেত্রে নিয়ম রয়েছে—পেনাল্টির সময় একটি পা গোললাইনের উপর কিংবা পেছনে থাকতে হবে। আর ফিরতি শটকে অনেকেই গোলরক্ষকের জন্য অন্যায্য শাস্তি মনে করেন।
আইএফএবি সবুজ সংকেত দিলে, ২০২৬ বিশ্বকাপে কার্যকর হতে পারে এই নতুন পেনাল্টি নিয়ম। তবে, নিয়মটি চূড়ান্ত করতে হবে আগামী বছরের ফেব্রুয়ারির মধ্যে।
পেনাল্টি ছাড়াও ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) ব্যবহার আরও বিস্তৃত করার প্রস্তাব রয়েছে। কর্নার ও দ্বিতীয় হলুদ কার্ড প্রদানের সময় ভিএআরের হস্তক্ষেপের বিষয়ে ভাবছে সংস্থাটি। তবে, এসব ক্ষেত্রে রেফারির সিদ্ধান্তে সন্দেহ হলে তবেই ব্যবহারের পরিকল্পনা—যাতে গণমাধ্যমের অপচয় না হয়।