শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০২:৪১ অপরাহ্ন
রেকর্ড ভাঙা ঘূর্ণিতে শ্রীলঙ্কাকে কাঁপালেন মেহেদী!
অনলাইন ডেস্ক
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে মেহেদী হাসানের ঘূর্ণি জাদুতে ছিন্নভিন্ন হয়ে গেল শ্রীলঙ্কার ব্যাটিং অর্ডার। ১৩ বছর আগে হরভজন সিংয়ের গড়া রেকর্ড মুছে দিয়ে প্রেমাদাসায় এখন বিদেশি বোলারদের মধ্যে সবচেয়ে ভয়ংকর নাম—মেহেদী। এটি কেবল তার ব্যক্তিগত গর্ব নয়, বরং টাইগারদের ৮ উইকেটের দুর্দান্ত জয়ের অন্যতম চালিকা শক্তি। একইসঙ্গে ২-১ ব্যবধানে সিরিজ জয় করলো বাংলাদেশ।
সিরিজ নির্ধারণী ম্যাচে শুরুতেই বল হাতে তুলে নেন মেহেদী। ফলাফল—৪ ওভারে মাত্র ১১ রান দিয়ে তুলে নেন ৪টি গুরুত্বপূর্ণ উইকেট! অসাধারণ বোলিং স্পেলে তিনি ছাড়িয়ে যান হরভজনের ২০১২ সালে ইংল্যান্ডের বিপক্ষে করা ৪-১২ রেকর্ড। যদিও এর আগে এই রেকর্ডের হুমকি হয়েছিলেন হ্যাজলউড (৪-১৬) এবং মোস্তাফিজ (৪-২১)। শেষমেশ ইতিহাসটা লিখে রাখলেন মেহেদী।
ম্যাচের প্রথম বলেই শিকার হন কুশল পেরেরা—গোল্ডেন ডাক। এরপর পাওয়ারপ্লেতেই ফেরান দীনেশ চান্দিমালকে। এরপর অধিনায়ক আসালঙ্কা ও ৪৬ রানে খেলতে থাকা ওপেনার নিশাঙ্কাকেও সাজঘরে ফেরান এই অফস্পিনার। নিখুঁত লাইন-লেংথ আর ঘূর্ণির নান্দনিকতায় লঙ্কান ব্যাটারদের নাভিশ্বাস তুলে দেন তিনি।
বিস্ময়কর হলেও সত্য, এই ম্যাচটিই ছিল সফরে মেহেদীর প্রথম। আগের দুই টেস্ট, তিন ওয়ানডে ও প্রথম দুই টি-টোয়েন্টিতে একাদশে ছিলেন না তিনি। মেহেদী হাসান মিরাজের বদলি হয়ে একাদশে ঢুকে যেন সিংহাসনে বসে গেলেন। লক্ষ্যমাত্রা ছিল মাত্র ১৩৩ রান। ওপেনার তানজিদ হাসানের টর্নেডো ব্যাটিংয়ে সে লক্ষ্য হাস্যকরভাবে অর্জন করে বাংলাদেশ। তানজিদ ৪৭ বলে অপরাজিত ৭৩ রান করেন, মারেন ৬টি বিশাল ছক্কা। মাত্র ২ উইকেট হারিয়ে ২১ বল বাকি থাকতেই জয়ের জাহাজে চড়ে মাঠ ছাড়ে টাইগাররা।