বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন
মাত্র ১৮তেই বার্সার ১০ নম্বর! শুরু কি নতুন কিংবদন্তির?
অনলাইন ডেস্ক
মাত্র ১৮ পার করেছেন। এরই মধ্যে তার পিঠে উঠেছে ক্যাম্প ন্যুর সবচেয়ে ঐতিহ্যবাহী ও গর্বের প্রতীক—বার্সেলোনার জাদুকরি নম্বর ১০ জার্সি। হ্যাঁ, এখন থেকে এই ঐতিহাসিক জার্সির গর্বিত অধিকারী হচ্ছেন তরুণ বিস্ময় বালক লামিন ইয়ামাল। যে জার্সি একসময় লিওনেল মেসির গায়ে ঝলমল করত, তারও আগে ছিলেন ম্যারাডোনা, রোনালদিনহো আর রিভালদো।
বুধবার বার্সেলোনা ক্লাব এক ঘোষণায় জানায়, ২০২৫-২৬ মৌসুম থেকে এই ‘রূপকথার’ ১০ নম্বর জার্সি উঠছে ইয়ামালের কাঁধে। আনসু ফাতি মোনাকোতে ধারে চলে যাওয়ার পর থেকে জার্সিটি অব্যবহৃতই ছিল।
জার্সি ঘোষণার সেই জাদুকরী দিনে ইয়ামাল বললেন, ‘শৈশবের স্বপ্ন ছিল বার্সার হয়ে খেলবো, আর সেটা হবে ১০ নম্বর পরে। বার্সেলোনায় জন্মানো প্রতিটি ছেলের মনেই এই স্বপ্ন বাসা বাঁধে। মেসি নিজের ইতিহাস লিখেছেন, এখন আমার পালা।’ এই ঘোষণা উপলক্ষে তার পরিবারকে নিয়ে আয়োজিত অনুষ্ঠানে তাকে তুলে দেওয়া হয় নতুন জার্সি এবং উদযাপন হয় ২০৩১ সাল পর্যন্ত তার দীর্ঘমেয়াদি চুক্তিও। মাত্র ১৮ বছর বয়সেই বার্সার হয়ে ১০৬ ম্যাচে ২৫ গোল—স্পেনের হয়েও ইতোমধ্যে ইউরো জয়! ক্লাবের হয়ে জিতেছেন দুই লা লিগা, এক কোপা দেল রে ও এক সুপারকোপা। তার জার্সি নম্বরের অগ্রযাত্রাও নাটকীয়—২০২২-২৩ মৌসুমে ৪১, তারপর ২৭, গত মৌসুমে ১৯—যেটি একসময় মেসিও পরতেন। এবার সরাসরি কিংবদন্তিদের নম্বর ১০!
কদিন আগেই মেসি, রোনালদিনহো ও ম্যারাডোনার ছবি শেয়ার করেছিলেন ইয়ামাল। তখনই বুঝে গিয়েছিল ভক্তরা, কিছু একটার ইঙ্গিত দিচ্ছেন তিনি। তবে তরুণ এই ফরোয়ার্ড জানেন, ‘১০’ মানেই কেবল গর্ব নয়—এক ভয়াবহ রকমের দায়ও বটে।
‘আমি এখনও চ্যাম্পিয়ন্স লিগ কিংবা বিশ্বকাপ জিতিনি। আমার লক্ষ্য এখন সেগুলোই।’ — ইয়ামালের কণ্ঠে ঝরে পড়ে সংকল্প।
তবে বিতর্কও তাকে ঘিরে নেই তা নয়। তার জন্মদিনে এক বামন অভিনেতাকে আমন্ত্রণ জানানো নিয়ে স্প্যানিশ সরকারের তদন্ত চলছে। তবে এসব নিয়ে মুখ খুলতে নারাজ ইয়ামাল।
‘আমি বার্সেলোনার খেলোয়াড়, কিন্তু মাঠের বাইরেও আমার একটা জীবন আছে, সেটা আমি উপভোগ করি। কে কী বলল—সেটা আমার ভাবনার বিষয় নয়।’
বার্সার ঐতিহাসিক ১০ নম্বর এখন ইয়ামালের পায়ে। সেই তালিকায় ম্যারাডোনা, রিভালদো, রোনালদিনহো, মেসির নামের পাশে এবার যোগ হলো তার নামও। তবে তিনি চান, নিজের পথ তৈরি করতে—নিজের গল্প লিখতে। সেই পথচলা শুরু হয়ে গেল বুধবার, ক্যাম্প ন্যুর আলোঝলমলে সন্ধ্যায়। অপেক্ষা এখন শুধু মাঠের আলোয় নিজের ১০ নম্বরকে কতটা উজ্জ্বল করে তুলতে পারেন তিনি।