বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
দে পল আসার আগেই ভেঙে পড়ল মেসির রাজত্ব!
অনলাইন ডেস্ক
একদিকে নতুন ‘গ্ল্যাডিয়েটর’ আসার সম্ভাবনায় হইচই, অন্যদিকে মাঠে একেবারে ধরাশায়ী অবস্থা—ইন্টার মায়ামির জন্য বুধবার যেন নাটকীয় এক দ্বিমুখী দিন।
দুপুরেই গুঞ্জন ওঠে, লিওনেল মেসির সবচেয়ে আস্থাভাজন ও বিশ্বকাপে তার ছায়াসঙ্গী রদ্রিগো দে পল যুক্তরাষ্ট্রের পথ ধরছেন। শুধু দলের প্লে-মেকারই নয়, জাতীয় দলে মেসির ‘বডিগার্ড’ খ্যাত এই আর্জেন্টাইন মিডফিল্ডার মাঠে প্রতিপক্ষকে চুপ করানোয় সিদ্ধহস্ত। মায়ামি তাকে নিতে ফুটবল আইনের নানা জট খুলতে ব্যস্ত। কিন্তু তার আগমন উৎসবের আগেই ঘটল বিপরীত এক বিস্ফোরণ—তাও মাঠেই।
ভোররাতে সিনসিনাটির মাঠে লজ্জাজনকভাবে ৩-০ ব্যবধানে হেরে যায় ইন্টার মায়ামি। শেষ সাত ম্যাচে ১১ গোল করা মেসি ছিলেন নিষ্প্রভ। একমাত্র দূরপাল্লার শটে কিছুটা আলো দেখালেও, গোলের খাতায় নাম লেখাতে পারেননি তিনি।
ম্যাচের ২০ মিনিটেই লুকা ওরেল্লানোর দারুণ এক পাস থেকে জেরার্ডো ভালেনজুয়েলার নিখুঁত ফিনিশে এগিয়ে যায় সিনসিনাটি। দ্বিতীয়ার্ধে ফের ভেঙে পড়ে মায়ামির প্রতিরক্ষা। এবার গোল করেন ব্রাজিলিয়ান তারকা ইভান্ডার, যিনি বুসকেটসকে এড়িয়ে বল ঠেলেন জালে। এরপর ৭০ মিনিটে স্কোরলাইন দাঁড়ায় ৩-০। বদলি গোলরক্ষক রোকো রিওস নোভোর মারাত্মক ভুলে আবারও গোল করেন ইভান্ডার।
ম্যাচ শেষে স্পষ্ট হয়, মায়ামির রক্ষণের ফাঁক গলে যাচ্ছে প্রতিপক্ষের আক্রমণ একের পর এক। তাই মিডফিল্ডে দে পলের মতো একজন ‘যোদ্ধার’ দরকার অনেক বেশি—এই বাস্তবতা চোখে আঙুল দিয়ে দেখিয়েছে এ হার।
আগামী সপ্তাহে নিউইয়র্ক রেড বুলসের মুখোমুখি হওয়ার আগে ঘুরে দাঁড়াতে হবে মেসি ও তার দলকে। তার আগেই যদি দে পলের আগমন চূড়ান্ত হয়, তবে তাতেই প্রাণ ফিরে পেতে পারে হতাশ মায়ামি—এমনটাই মানছে ক্লাব ও সমর্থকেরা। খবর।