বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
বেলিংহ্যাম অস্ত্রোপচার, ফিরে আসবে নতুন শক্তিতে!
অনলাইন ডেস্ক
রিয়াল মাদ্রিদের মিডফিল্ডের প্রাণবন্ত তারকা জুড বেলিংহ্যাম দীর্ঘ সময় মাঠের বাইরে থাকতে যাচ্ছেন। বুধবার লন্ডনে তার বাঁ কাঁধে অস্ত্রোপচার সম্পন্ন হবে—এবং এর ফলে কমপক্ষে ১০ থেকে ১২ সপ্তাহ বিশ্রাম নিতে হবে এই ইংলিশ মিডফিল্ডারকে। এই তথ্য জানিয়েছে ইএসপিএন।
২২ বছর বয়সী বেলিংহ্যামের কাঁধের সমস্যা ২০২৩ সালের নভেম্বরে রায়ো ভায়েকানো বিপক্ষে ম্যাচের সময় শুরু হয়। সে সময়ে অস্ত্রোপচারের পরিবর্তে তিনি পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে খেলা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। কিন্তু চোট পুরোপুরি সারেনি, তাই অবশেষে অস্ত্রোপচার বাধ্যতামূলক হয়ে দাঁড়িয়েছে।
ক্লাব বিশ্বকাপে পাচুকার বিরুদ্ধে ৩–১ ব্যবধানে জয়ের পর বেলিংহ্যাম নিজেই বলেছেন, ‘এই গরমে কাঁধে ব্রেস পরে খেলতে খেলতে খুব ক্লান্ত লাগছিল। অস্ত্রোপচারের পর আমি আগের মতো ফিরে আসব, এটাই আমার বিশ্বাস।’
২০২৩ সালে বরুশিয়া ডর্টমুন্ড থেকে রিয়াল মাদ্রিদে যোগ দেওয়া বেলিংহ্যাম প্রথম মৌসুমে অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছেন। লা লিগা ও চ্যাম্পিয়নস লিগ দুটোই জেতাতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। গত মৌসুমে ৫৮ ম্যাচে ১৫ গোল ও ১৫ অ্যাসিস্ট যুক্ত হয়েছে তার নামের পাশে। তবে নতুন কোচ জাবি আলোনসোর অধীনে লা লিগার শুরুতে বেলিংহ্যাম খেলতে পারবেন না। ১৯ আগস্ট ওসাসুনার বিপক্ষে ম্যাচ দিয়ে লিগ যাত্রা শুরু হলেও তিনি অংশ নেবেন না। অন্তত আটটি লিগ ম্যাচ এবং চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বের প্রথম ম্যাচ মিস করতে হবে এই তারকাকে।
আশা করা হচ্ছে, অক্টোবরের শুরুতে তিনি আবার মাঠে ফিরবেন। তবে তার আগে মাদ্রিদ মিডফিল্ডের ভারসাম্য বজায় রাখা জাবি আলোনসোর জন্য বড় চ্যালেঞ্জ হবে।
রিয়াল সমর্থকদের মোনাজাত, বেলিংহ্যাম যেন ফিরে আসে আগের সেই ঝাঁঝালো ফর্মে, আগের সেই পরিচিত কাঁধ নিয়ে। গণমাধ্যম বিষয়টি সরবরাহ করছে।