বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন
লঙ্কানদের ছারখার করে শামীম-লিটনের দুর্দান্ত কামব্যাক!
অনলাইন ডেস্ক
শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশ দলের জয়ে বড় ভূমিকা রাখলেন ব্যাটিং অলরাউন্ডার শামীম হোসেন। রোববার (১৩ জুলাই) ডাম্বুলায় লঙ্কানদের ৮৩ রানে হারিয়ে সিরিজে সমতা ফেরাল টাইগাররা।
ম্যাচ শেষে আত্মবিশ্বাসে টইটম্বুর শামীম জানালেন, এখন লক্ষ্য সিরিজ নিজেদের করে নেওয়া। ‘সবচেয়ে বড় বিষয় হলো—আমরা ম্যাচটি জিতেছি। সিরিজ এখন ১-১, এই জয়টি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল,’ ম্যাচশেষে বলেন শামীম। ‘এখন সিরিজ জেতার সুযোগ এসেছে। আশা করি, আমরা সেরা ক্রিকেট খেলেই ট্রফি ছিনিয়ে আনব।’
এই ম্যাচে ব্যাট হাতে ঝলক দেখিয়েছেন লিটন দাস। অফ ফর্ম থেকে ফিরে দুর্দান্ত এক ইনিংসে ৫০ বলে ৭৬ রান করেন লিটন, হাঁকান পাঁচটি বিশাল ছক্কা। তাওহিদ হৃদয়ের সঙ্গে ৬৯ রানের দুর্দান্ত জুটি গড়ে দলকে পথ দেখান তারা।
লিটনের ব্যাটিংয়ের ভূয়সী প্রশংসা করে শামীম বলেন, ‘লিটন ভাই দুর্দান্ত খেলেছেন। তখন আমাদের একটা জুটি দরকার ছিল। উইকেট হাতে থাকলে শেষদিকে গতি আনা যায়। ওদের দুজনের পার্টনারশিপই ম্যাচ ঘুরিয়ে দেয়।’ শেষদিকে ব্যাট হাতে নেমে শামীম ২৭ বলে বিস্ফোরক ৪৮ রান করে ঝড় তোলেন। নিজের ব্যাটিং পজিশন নিয়ে তিনি মোটেই উদ্বিগ্ন নন, বরং এই অবস্থানে আরও বেশি আত্মবিশ্বাস খুঁজে পান।
আকর্ষণীয় তথ্য হলো—দক্ষিণ আফ্রিকার সাবেক ব্যাটিং দানব এবি ডি ভিলিয়ার্সকেই অনুপ্রেরণা হিসেবে মানেন শামীম।
‘পজিশন নিয়ে আমি খুব একটা ভাবি না। এই অবস্থানে ব্যাট করতে নেমে আমি আত্মবিশ্বাসী থাকি,’ বলেন তিনি। ‘প্রতিবার ব্যাটিংয়ে নামার সময় ইতিবাচক থাকার চেষ্টা করি। ঝুঁকি তো কেউ না কেউ নেবে—আমি নিজেই তা নিতে পছন্দ করি। এবি ডি ভিলিয়ার্স আমার প্রিয়, তার মতোই সাহস নিয়ে খেলতে চাই।’
বাংলাদেশ দ্বিতীয় ম্যাচে সাত উইকেট হারিয়ে সংগ্রহ করে ১৭৭ রান। জবাবে লঙ্কানরা অলআউট হয়ে যায় মাত্র ৯৩ রানে। এখন তৃতীয় ও শেষ ম্যাচে টাইগারদের সামনে সিরিজ জয়ের স্বপ্নপূরণের লড়াই।