সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
ক্লাব বিশ্বকাপের পর এবার মেসির নজর এমএলএস শিরোপায়!
অনলাইন ডেস্ক
ক্লাব বিশ্বকাপ থেকে ফিরে আসতেই রূপকথার শুরু মেসির মায়ামিতে। এবার সেই জয়ের রেশ ধরে মেজর লিগ সকার (এমএলএস) কাপ ঘরে তুলতে মরিয়া ইন্টার মায়ামি। বিশ্বজয়ী মেসিকে সামনে রেখে কোচ হ্যাভিয়ের মাশ্চেরানো স্পষ্ট জানিয়ে দিয়েছেন—এবার শুধু অংশ নয়, শিরোপাই লক্ষ্য।
ক্লাব বিশ্বকাপে ইউরোপীয় জায়ান্ট পোর্তোকে হারিয়ে চমক জাগায় মেসির দল। যদিও পিএসজির কাছে হেরে থামতে হয় শেষ ষোলোয়, তবু সেই অভিযানে জন্ম নেয় আত্মবিশ্বাস। এবার সেই ধারা বয়ে চলেছে ঘরোয়া লিগেও।
সাম্প্রতিক ম্যাচে মেসির ঝলকে ৪-১ ব্যবধানে মন্ট্রিয়ালকে উড়িয়ে দেয় মায়ামি। তার জোড়া গোলে ইস্টার্ন কনফারেন্সে ছয়ে উঠে আসে দলটি। শীর্ষে থাকা সিনসিনাতির থেকে ১০ পয়েন্ট পিছিয়ে থাকলেও হাতে থাকা চার ম্যাচ খুলে রেখেছে সম্ভাবনার জানালা।
২০২৪ সালে সাপোর্টার্স শিল্ড জিতে সর্বোচ্চ পয়েন্ট সংগ্রহ করে নজির গড়ে ইন্টার মায়ামি। তবে এবার কোচ মাশ্চেরানোর দৃষ্টি আরও দূরে—‘আমাদের এখন একটাই লক্ষ্য—প্লে-অফ নিশ্চিত করে হোম অ্যাডভান্টেজ নিশ্চিত করা। এরপর অক্টোবর আসুক, ইতিহাসের পাতায় কি লেখা হয় দেখা যাবে,’ বললেন আর্জেন্টাইন কোচ।
জুলাই মাসে সামনে ছয়টি হাই-ভোল্টেজ ম্যাচ, যার মধ্যে রয়েছে লিগস কাপের নতুন আসরও। স্কোয়াড ঘনত্ব রক্ষা করাই এখন চ্যালেঞ্জ। মাশ্চেরানোর ভাষায়, ‘বারবার একাদশ বদল আমার পছন্দ নয়। খেলোয়াড়দের ফিট রাখা এবং ভারসাম্য ধরে রাখাই মূল টার্গেট।’
এদিকে, মেসির সঙ্গে ২০২৬ সাল পর্যন্ত নতুন চুক্তির সম্ভাবনা নিয়ে চলছে আলোচনা। বর্তমান চুক্তির মেয়াদ প্রায় শেষ, কিন্তু ক্লাব আশাবাদী—মেসি থাকবেন আরও একটি মৌসুম। ইতিহাস গড়ার এই যাত্রায় ক্লাব তার সেরা অস্ত্রকে হারাতে চায় না।
সব মিলিয়ে ক্লাব বিশ্বকাপের সাহসী অভিযানের পর এবার মায়ামির চোখ নতুন রেকর্ডে। মেসি-মাশ্চেরানো জুটি কি পারবে এমএলএস কাপের অতৃপ্তি ঘোচাতে? উত্তরের অপেক্ষায় ফুটবল বিশ্ব।