সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
বাইসাইকেল কিকেই ফিরল রাজকীয় রিয়ালের জয়ের গল্প!
অনলাইন ডেস্ক
শেষ মুহূর্তের রোমাঞ্চে আবারও রাজকীয় ছন্দে ফিরল রিয়াল মাদ্রিদ! ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে বরুশিয়া ডর্টমুন্ডকে ৩-২ গোলে হারিয়ে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করল স্প্যানিশ জায়ান্টরা। আর এই নাটকীয় জয়ের মূল নায়ক—কিলিয়ান এমবাপ্পে, যিনি বদলি হিসেবে নেমেই বাইসাইকেল কিকে জালের দেখা পেয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন।
মার্কিন মুলুকে, নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে রীতিমতো উৎসবের আবহে ৭৬ হাজারের বেশি দর্শকের সামনে রিয়াল প্রথমার্ধেই দাপট দেখায়। ম্যাচের ১০তম মিনিটে গঞ্জালো গার্সিয়ার চমৎকার ফিনিশ আর ২০তম মিনিটে ফ্রান গার্সিয়ার গোলে ২-০তে এগিয়ে যায় তারা। কিন্তু মূল নাটক জমে ওঠে ম্যাচের শেষ দশ মিনিটে—যেখানে একের পর এক মোড় নেয় ম্যাচের গল্প।
দ্বিতীয়ার্ধের অতিরিক্ত সময়ের শুরুতে ম্যাক্সিমিলিয়ান বায়ার এক গোল শোধ দেন ডর্টমুন্ডের হয়ে। ঠিক পরের মিনিটেই বাজিমাত করেন এমবাপ্পে—বদলি হয়ে নেমেই ভয়ংকর বাইসাইকেল কিকে ফের ব্যবধান বাড়িয়ে দেন। তখনই মনে হচ্ছিল, ম্যাচ রিয়ালের পকেটে। কিন্তু ৮৮তম মিনিটে ডিফেন্ডার ডিন হুয়েইসেন লাল কার্ড দেখে মাঠ ছাড়েন, ডর্টমুন্ড পেনাল্টি থেকে সেরহু গিরাসির গোলে ব্যবধান ৩-২ করে। উত্তেজনা চরমে ওঠে, যখন শেষ মুহূর্তে মার্সেল সাবিটজারের এক নিশ্চিত গোল বাঁচিয়ে রিয়ালের জয় নিশ্চিত করেন থিবো কোর্তোয়া।
ম্যাচশেষে রিয়াল কোচ জাবি আলোনসো বলেন, “৮০ মিনিট আমরা অসাধারণ খেলেছি, তবে শেষদিকে কিছু ভুল করেছি। ভাগ্য ভালো, বড় কিছু হয়নি।” তবে এমবাপ্পের বাইরেও আলো কাড়েন আরেক তরুণ, ২১ বছর বয়সী গঞ্জালো গার্সিয়া। মাত্র ৫টি লা লিগা ম্যাচ খেলা এই তরুণ এখন ক্লাব বিশ্বকাপের গোলদাতাদের তালিকায় শীর্ষে—৪ গোল করে যেন ভবিষ্যতের রিয়াল তারকা হওয়ার আভাস দিচ্ছেন।
এই জয়ের ফলে সেমিফাইনালে এমবাপ্পের সাবেক ক্লাব পিএসজির মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ—যেখানে আবেগ, প্রতিদ্বন্দ্বিতা ও নাটকীয়তার সব উপাদানই প্রস্তুত। অপর সেমিফাইনালে চেলসি মুখোমুখি হবে ব্রাজিলিয়ান ক্লাব ফ্লুমিনেন্সের।
ম্যাচ শুরুর আগে লিভারপুল তারকা দিয়োগো জোতা ও তার ভাইয়ের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। সাম্প্রতিক এক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারানো এই দুই ভাইয়ের স্মৃতি পুরো ম্যাচজুড়ে এক আবেগঘন ছায়া ফেলে।
এই জয় শুধু সেমিফাইনালে ওঠার সাফল্যই নয়, বরং রিয়াল মাদ্রিদের জন্য যেন এক নতুন যাত্রার শুরু—যেখানে নতুন তারকা গঞ্জালো গার্সিয়ার উত্থান ও কিলিয়ান এমবাপ্পের জাদুকরী প্রত্যাবর্তন ফুটে উঠেছে অনন্য আবহে, বলছে।