সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
আত্মঘাতী গোলে কাঁদলো পালমেইরাস, চেলসি খেলবে সেমিফাইনালে!
অনলাইন ডেস্ক
ফিফা ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে নাটকীয় এক জয় তুলে নিয়েছে ইংলিশ জায়ান্ট চেলসি। ব্রাজিলের শক্তিশালী ক্লাব পালমেইরাসকে ২-১ ব্যবধানে হারিয়ে টুর্নামেন্টের শেষ চারে জায়গা করে নিয়েছে দ্য ব্লুজরা।
শনিবার (৫ জুলাই) যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় লিংকন ফিন্যান্সিয়াল ফিল্ডে মুখোমুখি হয় এই দুই দল। ম্যাচের শুরু থেকেই দাপট দেখায় চেলসি।
মাত্র ১৬ মিনিটেই চালোবাহর পাস থেকে গোল করে চেলসিকে এগিয়ে দেন তরুণ উইঙ্গার কোল পালমার। এই একমাত্র গোলে লন্ডনের ক্লাবটি এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে।
তবে দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ায় পালমেইরাস। ম্যাচের ৭৮তম মিনিটে তরুণ তারকা এস্টেভাও’র দুর্দান্ত শটে সমতায় ফেরে ব্রাজিলিয়ান ক্লাবটি। মুহূর্তেই জমে ওঠে লড়াই।
কিন্তু ৮৩তম মিনিটে নিজেরাই নিজেদের সর্বনাশ ডেকে আনে পালমেইরাস। এক দৃষ্টিকটু আত্মঘাতী গোলে তারা ২-১ গোলে পিছিয়ে পড়ে।
শেষ দিকে পাল্টা আক্রমণ করেও আর ম্যাচে ফিরতে পারেনি দক্ষিণ আমেরিকার চ্যাম্পিয়নরা। ফলে জয় নিয়েই সেমিফাইনালে নাম লেখায় চেলসি।
গণমাধ্যম জানায়, শেষ চারের ম্যাচে চেলসির প্রতিপক্ষ আরেক ব্রাজিলিয়ান ক্লাব ফ্লুমিনেন্স, যা ইতোমধ্যেই উত্তেজনার রসদ জোগাচ্ছে ফুটবলপ্রেমীদের মাঝে।