সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
মেয়েরা শুধু খেলছে না—তারা ইতিহাস লিখছে, স্বপ্ন ছুঁছে!
অনলাইন ডেস্ক
কল্পনার সীমানা ছাড়িয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ নারী ফুটবল দল। প্রথমবারের মতো এএফসি নারী এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নিয়ে এক অনন্য অধ্যায় রচনা করল মেয়েরা। সামনে এখন আরও বড় চ্যালেঞ্জ—২০২৭ নারী বিশ্বকাপ, যেখানে খেলতে হলে পেরোতে হবে কোয়ার্টার ফাইনালের বাঁধা।
আগামী মার্চে অস্ট্রেলিয়ার মাটিতে বসবে এশিয়ান কাপের ২১তম আসর। এ প্রতিযোগিতায় সেরা ছয়টি দলই পাবে বিশ্বকাপের টিকিট। সেই স্বপ্নপথেই এগিয়ে যাচ্ছেন অধিনায়ক আফঈদা খন্দকাররা। বাফুফে পাঠানো ভিডিও বার্তায় আফঈদা বলেন, ‘এই সুযোগটা যখন পেয়েছি, আমরা কোনোভাবেই হাতছাড়া করতে চাই না। দেশবাসীর ভালোবাসা ও সমর্থন যেন বরাবরের মতো পাশে থাকে। আমরা বিশ্বমঞ্চে দেশের পতাকা ওড়াতে চাই।’
এক সময় যেখানে সাফ চ্যাম্পিয়নশিপই ছিল একমাত্র লক্ষ্য, আজ সেখান থেকে বেরিয়ে মেয়েরা স্বপ্ন দেখছে এশিয়ার সেরা হওয়ার। সাহসী পারফরম্যান্সে জর্ডান ও ইন্দোনেশিয়াকে হারিয়ে, মিয়ানমারে বাছাইয়ের ইতিহাস গড়ে অর্জন করেছে তারা আত্মবিশ্বাসের বড় মাইলফলক।
অভ্যন্তরীণ কিছু বিতর্ক ও সংকট সত্ত্বেও ছন্দ হারাননি কোচ পিটার বাটলার। দলীয় বিদ্রোহ সামাল দিয়ে তরুণদের নিয়ে উড়াল দেন আরব আমিরাতে। যদিও শুরুটা ছিল কঠিন, তবে এখন দেশের মাটিতে ফিরেছেন সাফল্যের হাসি নিয়ে। তার নেতৃত্বে এবং কোচিং স্টাফের নিবেদনেই প্রস্তুত হয়েছে এক সাহসী বাংলাদেশ, যারা এখন স্বপ্ন ছোঁয়ার পথেই হাঁটছে।
যদিও মূলপর্ব নিশ্চিত, তবু শেষ কাজটা এখনও বাকি—তুর্কমেনিস্তানের বিপক্ষে শেষ ম্যাচ। ফিফা র্যাঙ্কিংয়ে অনেকটা পিছিয়ে থাকলেও, বাংলাদেশ শিবিরে কেউই প্রতিপক্ষকে হালকাভাবে নিচ্ছেন না। গোলরক্ষক কোচ মাসুদ আহমেদ বলেছেন, ‘এখনও বাছাই শেষ হয়নি। জয় দিয়ে শেষ করতে চাই, তারপরই উদ্যাপন।’