সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন
নারী ফুটবলে ইতিহাস গড়তে মাঠে নামছে বাংলাদেশ!
অনলাইন ডেস্ক
নারী ফুটবলে অগ্রযাত্রার পথে বাংলাদেশ খুলে দিল নতুন এক সম্ভাবনার দরজা। আসন্ন আগস্টে একটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচে বাংলাদেশ নারী দল মুখোমুখি হতে পারে শক্তিশালী তুরস্কের। দুই দেশের মধ্যে এক উচ্চপর্যায়ের ক্রীড়া-কূটনৈতিক বৈঠক শেষে এমন সম্ভাবনার কথা উঠে এসেছে।
শুক্রবার (৪ জুলাই) ইস্তানবুলে তুরস্ক ফুটবল ফেডারেশনের (টিএফএফ) সদর দপ্তরে অনুষ্ঠিত হয় বৈঠকটি। এতে অংশ নেন বাংলাদেশের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং টিএফএফ প্রেসিডেন্ট ইব্রাহিম এথেম হাজি ওসমানওগলু।
বৈঠকে বাংলাদেশের ফুটবলের সাম্প্রতিক উন্নয়ন, প্রবাসী খেলোয়াড়দের সম্পৃক্ততা এবং একটি টেকসই ফুটবল কাঠামো গঠনের রূপরেখা তুলে ধরেন উপদেষ্টা আসিফ মাহমুদ। তিনি জানান, বাংলাদেশে তুর্কি ফুটবলের এক বিশাল অনুরাগী গোষ্ঠী রয়েছে, যার ফলে এই ম্যাচ দুই দেশের ক্রীড়া-সম্পর্কে একটি নতুন মাত্রা যোগ করবে।
প্রস্তাবটি উষ্ণভাবে গ্রহণ করেন টিএফএফ প্রেসিডেন্ট। তিনি বলেন, সবকিছু ঠিক থাকলে বাংলাদেশ ও তুরস্ক নারী দলের মধ্যকার এই ঐতিহাসিক প্রীতি ম্যাচটি আগস্টেই অনুষ্ঠিত হবে।
এখানেই শেষ নয়, তুরস্কের পক্ষ থেকে আরও এসেছে চমকপ্রদ প্রতিশ্রুতি। নারী ফুটবলের পাশাপাশি কোচ ও রেফারিদের দক্ষতা উন্নয়ন, ক্রীড়া চিকিৎসা, কারিগরি সহায়তা এবং যৌথ প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনার প্রতিশ্রুতি দিয়েছে টিএফএফ।
এই উদ্যোগ শুধু নারী ফুটবলে নয়, ভবিষ্যতে দুই দেশের ক্রীড়া অঙ্গনের আরও বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার নতুন ক্ষেত্র সৃষ্টি করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।
এ বিষয়ে “গণমাধ্যম”-কে দেওয়া এক প্রতিক্রিয়ায় বাংলাদেশের ক্রীড়া সংশ্লিষ্ট এক কর্মকর্তা বলেন, “এটি নারী ক্রীড়ার জন্য এক যুগান্তকারী সম্ভাবনা। আন্তর্জাতিক মঞ্চে আমাদের মেয়েদের আত্মবিশ্বাস আরও বাড়বে।”