বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন
৪২-তেও থামছেন না রোনালদো, লক্ষ্য এখন ইতিহাস!
অনলাইন ডেস্ক
পর্তুগিজ ফুটবল মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর চোখে, সৌদি প্রো-লিগ এখনই বিশ্বের সেরা পাঁচটি লিগের একটি। আল-নাসরের সঙ্গে আরও দুই বছরের চুক্তি নবায়নের পর এমন সাহসী ও আত্মবিশ্বাসী মন্তব্য করলেন এই ৪০ বছর বয়সী কিংবদন্তি ফরোয়ার্ড।
বৃহস্পতিবার আল-নাসর আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়েছে, রোনালদোর সঙ্গে তাদের নতুন চুক্তি ২০২৭ সাল পর্যন্ত—তখন রোনালদোর বয়স হবে ৪২! তবে বয়স নয়, তার ভাবনায় এখন শুধু একটাই লক্ষ্য: ট্রফি জেতা এবং সৌদি লিগকে আরও মর্যাদাপূর্ণ করা।
রোনালদো বলেন, ‘আমি নিশ্চিতভাবে বলছি—আমরা ইতিমধ্যেই বিশ্বের সেরা পাঁচ লিগের একটি। এই লিগ প্রতিদিন আরও শক্তিশালী হচ্ছে। যারা কখনো খেলেনি, তারাই সন্দেহ করে। কিন্তু আমি আমার দাবিতে পুরোপুরি আত্মবিশ্বাসী।’
সৌদি আরবে ২০৩৪ সালের বিশ্বকাপ আয়োজনের স্বপ্নেও রোমাঞ্চিত রোনালদো। বলেন, ‘এটা কেবল পরবর্তী দুই বছরের পরিকল্পনা নয়, আমি এই প্রকল্পে পুরোপুরি বিশ্বাস করি—বিশেষ করে ২০৩৪ বিশ্বকাপ, যা হবে ইতিহাসের সবচেয়ে দর্শনীয় আসর।’ ২০২২ সালের শেষদিকে আল-নাসরে যোগ দিলেও এখনো বড় কোনো ট্রফি জিততে পারেননি রোনালদো। তবে এবার সে স্বপ্ন পূরণের আশায় আছেন। ‘আমি সবসময় বড় কিছু জিততে চেয়েছি। এবার আমরা আল-নাসরের হয়ে ইতিহাস গড়বো।’
রোনালদোর মোট গোল সংখ্যা বর্তমানে ৯৩২। এর মধ্যে ৭৯৪টি ক্লাব পর্যায়ে, আর ১৩৮টি গোল পর্তুগালের জার্সিতে। অর্থাৎ ১,০০০ গোলের মাইলফলকে পৌঁছাতে আর খুব বেশি বাকি নেই।
চলমান ক্লাব বিশ্বকাপে আল-নাসরের অনুপস্থিতি নিয়ে গুঞ্জন চলছিল। ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোও বলেছিলেন, রোনালদোকে ঘিরে তাদের বিকল্প পরিকল্পনা আছে। তবে রোনালদোর বক্তব্য ছিল সুস্পষ্ট, ‘আমি বিশ্রামের সিদ্ধান্ত নিয়েছি। লম্বা মৌসুম, বিশ্বকাপ সামনে—আমি পুরোপুরি প্রস্তুত থাকতে চাই, আল-নাসর ও দেশের জন্য।’
নেশন্স লিগ ফাইনালে স্পেনের বিপক্ষে গোল করে দেশের হয়ে ট্রফি জিতেছেন তিনি। গর্বিত রোনালদো জানালেন, ক্লাবের প্রতি ভালোবাসা এখনো অটুট। ‘আমি এই ক্লাবকে ভালোবাসি। তাই তো আরও দু’বছরের জন্য থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’