বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
মেসির বাঁ পা আবারও জাদু ছড়াল ক্লাব বিশ্বকাপে!
অনলাইন ডেস্ক
পর্তুগিজ ক্লাব পোর্তোর বিপক্ষে দূরপাল্লার দুর্দান্ত ফ্রি-কিকে ইন্টার মায়ামিকে জয় এনে দিলেন আর্জেন্টাইন ফুটবল জাদুকর। নতুন এক রেকর্ডও গড়লেন তিনি, যা আবারও প্রমাণ করল—মেসি মানেই ম্যাজিক!
আটলান্টার রোমাঞ্চকর ম্যাচে দ্বিতীয়ার্ধের অষ্টম মিনিটে ঘটে সেই মোহময় মুহূর্ত। ২০ গজ দূর থেকে নেয়া মেসির শট পোস্টের কাছ দিয়ে বাঁক খেয়ে জাল কাঁপায়, স্তব্ধ করে দেয় পোর্তোর গোলরক্ষককে। মাঝ বরাবর দাঁড়িয়ে থাকা গোলরক্ষকের পাশ কাটিয়ে বলটা চলে যায় ফার পোস্টে—আর ঠিক তখনই স্টেডিয়ামজুড়ে যেন বিস্ফোরণ আনন্দের!
এই গোল ছিল ক্লাব বিশ্বকাপে মেসির প্রথম, কিন্তু তাঁর ক্যারিয়ারে এটি ৬৮তম ফ্রি-কিক গোল। আর এই গোলেই নতুন করে নাম লেখালেন ইতিহাসে—৩৭ বছর ৩৬০ দিনে গোল করে ক্লাব বিশ্বকাপে সবচেয়ে বেশি বয়সে গোল করা আর্জেন্টাইন ফুটবলার এখন মেসি। পেছনে ফেলেছেন কিংবদন্তি হ্যাভিয়ের জানেত্তিকে (৩৭ বছর ৪ মাস ৫ দিন)।
গোলের পর সতীর্থরা উল্লাসে মেতে উঠলেও মেসি ছিলেন শান্ত ও পরিপক্ব। গণমাধ্যম ডাজন-কে দেওয়া সাক্ষাৎকারে মেসি বলেন, ‘জয়টা আমাদের জন্য খুব দরকার ছিল। প্রথম ম্যাচের ড্র আমাদের একটু চাপে ফেলেছিল। আজকের পারফরম্যান্সে প্রমাণ হয়েছে, আমরা আসলে শিরোপার জন্য খেলতে এসেছি। তরুণরা আজ অসাধারণ খেলেছে।’
নিজের গোল সম্পর্কে ব্যাখ্যা দিতে গিয়ে মেসি জানান, ‘আমি লক্ষ্য করছিলাম, গোলরক্ষক মাঝখানে ছিল, ফার পোস্ট ফাঁকা। আমি জায়গাটা তাক করে শট নিই—আর বলটা ঠিক সেখানেই চলে যায়।’
এই জয়ে গ্রুপ ‘এ’-তে দারুণ অবস্থানে উঠে এসেছে ইন্টার মায়ামি। প্রথম ম্যাচে আল আহলির সঙ্গে ড্র করলেও এবার পাওয়া এই জয় তাদের দিয়েছে আত্মবিশ্বাস। সামনে অপেক্ষায় ব্রাজিলিয়ান পরাশক্তি পালমেইরাস—যেখানে জয় মানেই দ্বিতীয় রাউন্ডে জায়গা নিশ্চিত!