বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন
নেইমারের বিশ্বকাপ স্বপ্নে ইউরোপীয় ক্লাবের নতুন টান!
অনলাইন ডেস্ক
ব্রাজিলের ফুটবল সুপারস্টার নেইমার জুনিয়রের ভবিষ্যত নিয়ে আবারও ফুটবল দুনিয়ায় নতুন গুঞ্জন উঠেছে। একদিকে ইউরোপের শীর্ষ ক্লাবগুলো তাকে দলে টানার আগ্রহ প্রকাশ করছে, অন্যদিকে নেইমারের বাবা ও এজেন্ট নেইমার সিনিয়র বলছেন, তিনি নিজের শেকড়ের ক্লাব সান্তোসে আরও কিছু সময় কাটাতে পারেন। সবকিছুর মাঝেও নেইমারের চোখ জুড়ে আছে ‘অসম্ভব এক স্বপ্নে’—ব্রাজিলের হয়ে ২০২৬ বিশ্বকাপ জয়ের।
চোটে ভুগে গতকালো সৌদি ক্লাব আল-হিলালে কাটানো সময় ছিল যেন দুঃস্বপ্ন। অবশেষে চলতি বছরের শুরুতে সেই ক্লাবের সঙ্গে চুক্তি বাতিল করে ফিরে আসেন নিজের ছেলেবেলার দল সান্তোসে। সেখানে স্বল্পমেয়াদি চুক্তিতে খেলছেন তিনি। তবে সেই চুক্তির মেয়াদ শেষের পথে, আর এখন প্রশ্ন উঠেছে—নেইমারের পরবর্তী গন্তব্য কোথায়?
নেইমারের বাবা গণমাধ্যমকে জানিয়েছেন, ইউরোপীয় চ্যাম্পিয়নস লিগ খেলানো বেশ কয়েকটি ক্লাবের সঙ্গে মায়ামিতে বৈঠকের পরিকল্পনা রয়েছে। ফরাসি দৈনিক L’Equipe-কে তিনি বলেন, ‘এই সপ্তাহে মায়ামি যাচ্ছি ক্লাবগুলোর সঙ্গে আলোচনার জন্য। ইউরোপীয় ক্লাবগুলো আমাদের প্রতি আগ্রহ দেখিয়েছে, বিশেষ করে যারা চ্যাম্পিয়নস লিগ খেলছে।’
তবুও সান্তোস থেকে না যাওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেননি তিনি। ‘আমরা বিষয়গুলো ভালোভাবে যাচাই করছি। তবে বলছি, সান্তোসেই থাকার সম্ভাবনাও প্রবল,’ জানান নেইমার সিনিয়র।
আগামী বিশ্বকাপে নেইমারের অংশগ্রহণ নিয়ে বিভিন্ন আলোচনা ছিল। কিন্তু তার বাবা নিশ্চিত করেছেন, নেইমার এখন ২০২৬ বিশ্বকাপে নেতৃত্ব দেওয়ার প্রস্তুতিতে ব্যস্ত। ইতোমধ্যেই ব্রাজিলের হয়ে ১২৮ ম্যাচে ৭৯ গোল করেছেন, এবং এবার দেশের হয়ে আরেকটি বিশ্বকাপ নেতৃত্বের স্বপ্ন দেখছেন।
‘আমরা আবার সেই অসম্ভব স্বপ্নের দিকে এগিয়ে যাচ্ছি—বিশ্বকাপ জয়। কোচ হিসেবে কার্লো আনচেলত্তির আসাও ভালো খবর। তবে যেই কোচই থাকুক, আমাদের কাজ করতে হবে। আমি নেইমারকে দেখছি ভিনিসিয়ুস, রদ্রিগো আর রাফিনিয়ার সঙ্গে খেলতে,’ বলেন নেইমার সিনিয়র।
ব্যক্তিগত জীবনে নেইমার বেশ স্থিতিশীল; প্রেমিকা ব্রুনা বিআনকার্ডির সঙ্গে সুখে আছেন। তার বাবা জানান, পরিবার আর ফুটবল—উভয় ক্ষেত্রেই নেইমার এখন বেশ স্বস্তিতে রয়েছেন।
নেইমারের পরবর্তী ক্লাব নিয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেই। তবে যেভাবেই হোক, তিনি নিজেকে শেষবারের মতো বিশ্বকাপ মঞ্চে নিজের সেরাটা দেওয়ার জন্য প্রস্তুত করছেন।