বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন
ওপেনিংয়ে কে? গলে স্পিন চ্যালেঞ্জের সামনে টাইগাররা!
অনলাইন ডেস্ক
শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে বাংলাদেশের হয়ে ব্যাট হাতে ইনিংস শুরু করবেন কে? এনামুল হক বিজয়ের জায়গা প্রায় নিশ্চিত। তবে বাকি ওপেনার কে হবেন তা নিয়ে চলছে নানা আলোচনা। গুঞ্জন রয়েছে, নাজমুল হোসেন শান্তকে দেখা যেতে পারে ওপেনিংয়ে।
দেশ ছাড়ার আগে ওপেনিং নিয়ে চিন্তার কোনো কারণ নেই বলে জানিয়ে ছিলেন বাংলাদেশ অধিনায়ক। প্রথম টেস্টের আগের দিন আজ সোমবারও নিজের ব্যাটিং পজিশন নিয়ে শান্ত স্পষ্ট করে কিছু জানালেন না। গলে সংবাদ সম্মেলনে টাইগার অধিনায়ক বললেন, ম্যাচের দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে।
নিজের ব্যাটিং পজিশন নিয়ে শান্ত বলেন, ‘আমার ব্যাটিং আসলে কোথায় হবে, সেটা কালকেই জানাবো। কারণ আমি চাই না প্রতিপক্ষ ধারণা পেয়ে যাক। মিরাজের শারীরিক অবস্থা এখনো ভালো নয়। সে ডেভেলপ করছে, ওর ওপর অনেক কিছু নির্ভর করছে। ওই জায়গাটা ঠিক থাকলে আমরা ভালো একটা কম্বিনেশন নিয়ে খেলতে পারব।’
গলের উইকেট স্পিন বান্ধব হওয়ায় ব্যাটারদের জন্য চ্যালেঞ্জ বড়। স্পিন সামলানো নিয়ে শান্ত বলেন, ‘এখানে ব্যাটারদের চ্যালেঞ্জ থাকবে। আপনি ঠিকই বললেন, এখানে স্পিনাররা অনেক উইকেট নেয়। তবে প্রথম দুই-তিন দিনে রানও হয়। আমরা কীভাবে এই চ্যালেঞ্জ উপভোগ করব, সেটাই গুরুত্বপূর্ণ। যতটা সম্ভব সেই প্রস্তুতি নিয়েছি।’