মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৬:০২ অপরাহ্ন
নেইমারের হাতের গোল, রেফারির লাল কার্ড ঝড়!
অনলাইন ডেস্ক
ব্রাজিলিয়ান লিগে রোববার (১ জুন) বোতাফোগোর বিপক্ষে ম্যাচে আবারও আলোচনায় নেইমার। এবার ইনজুরি নয়, বিতর্কের কেন্দ্রে তিনি এক বিতর্কিত ‘হ্যান্ডবল গোল’ করে। গোলের পরপরই দ্বিতীয় হলুদ কার্ড দেখে লাল কার্ডে মাঠ ছাড়তে হয় সান্তোসের এই সুপারস্টারকে।
সান্তোসের হয়ে শুরু থেকেই মাঠে নামেন নেইমার, তবে তার পারফরম্যান্স ছিলো বেশ নিষ্প্রভ। ম্যাচের প্রথমার্ধে একটি কঠোর ট্যাকেলের জন্য তিনি প্রথম হলুদ কার্ড দেখেন। গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধে ম্যাচে বাড়ে নাটকীয়তা।
৭৬তম মিনিটে প্রতিপক্ষের ডিফেন্স চিড়ে বল জালে জড়ান নেইমার। রেফারি শুরুতে গোলটি মেনে নিলেও বোতাফোগোর খেলোয়াড়দের তীব্র আপত্তিতে সিদ্ধান্ত পরিবর্তন করেন। তাদের দাবি ছিল, নেইমার বলটি হাতে নিয়েই জালে পাঠিয়েছেন। রিপ্লেতে সেই দাবি সত্য প্রমাণিত হলে রেফারি দেখান দ্বিতীয় হলুদ কার্ড, ফলে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন নেইমার।
১০ জনের দলে পরিণত হওয়া সান্তোস পড়ে যায় প্রবল চাপে। ৮৬তম মিনিটে বোতাফোগোর একমাত্র গোলেই শেষ পর্যন্ত ১-০ ব্যবধানে হেরে যায় তারা। এই হারে পয়েন্ট তালিকায় আরও নিচে নেমে যায় সান্তোস। ১১ ম্যাচে মাত্র ৮ পয়েন্ট নিয়ে রয়েছে ১৮তম স্থানে, অর্থাৎ রেলিগেশন অঞ্চলে। বিপরীতে, ১০ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে উঠে আসে বোতাফোগো বলে জানিয়েছে গণমাধ্যম।