বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
চোট কাটিয়ে ফেরাও এনে দিল না বিজয়ের আনন্দ!
অনলাইন ডেস্ক
ক্যারিয়ারের শুরু থেকেই চোট যেন ছায়ার মতো সঙ্গী নেইমার জুনিয়রের। তবে ইদানীং এই সম্পর্ক আরও গভীর হয়েছে! দীর্ঘদিন মাঠের বাইরে থাকার পর অবশেষে আবারো ফিরলেন তিনি, কিন্তু প্রত্যাবর্তনের সেই মঞ্চে উজ্জ্বল হতে পারলেন না। টাইব্রেকারে হেরে কোপা দো ব্রাজিল থেকে বিদায় নিয়েছে তার দল সান্তোস।
কোপা দো ব্রাজিলের তৃতীয় রাউন্ডে সিআরবি ও সান্তোসের প্রথম লেগে ১-১ গোলে সমতা ছিল। দ্বিতীয় লেগে বৃহস্পতিবারের ম্যাচেও দুই দল গোল করতে ব্যর্থ হয়। ফলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে, যেখানে ৫-৪ গোলে হেরে বিদায় নেয় নেইমারের সান্তোস।
গত ১৬ এপ্রিল আতলেতিকো মিনেইরোর বিপক্ষে শততম ম্যাচ খেলতে গিয়ে উরুর চোটে পড়েন নেইমার। ভিলা বেলমিরোর সেই মাইলফলকের ম্যাচ শেষ হয় অশ্রুসজল বিদায়ে। এরপর থেকেই লম্বা বিশ্রামে ছিলেন এই ব্রাজিলিয়ান তারকা।
শেষমেশ গতকাল ফিরলেন প্রতিযোগিতামূলক ম্যাচে। দ্বিতীয়ার্ধের ২০ মিনিট পর কোচ তাকে মাঠে নামান। নেইমার সুযোগ তৈরি করলেও, গোলের দেখা পায়নি তার দল। ম্যাচের শেষদিকে তার নেওয়া দুর্দান্ত শটও থেমে যায় প্রতিপক্ষ গোলরক্ষকের হাতে।
টাইব্রেকারের প্রথম শটে গোল করেছিলেন নেইমার নিজেই। কিন্তু বাকিদের ব্যর্থতায় শেষ হাসি হাসতে পারেনি সান্তোস।