রবিবার, ২৮ জুন ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন
আপনার ফোনে ডেটা ও চার্জ উধাও হচ্ছে অজান্তেই? অ্যান্ড্রয়েড অ্যাপগুলোর কীর্তি জানলে আপনি চমকে উঠবেন
অনলাইন ডেস্ক
আজকাল স্মার্টফোন ব্যবহারকারীদের একটি সাধারণ অভিযোগ—ফোন তেমন ব্যবহার না করলেও ডেটা হু হু করে শেষ হয়ে যাচ্ছে, চার্জও দ্রুত ফুরিয়ে যাচ্ছে। এর জন্য অনেক সময় দোষারোপ করা হয় ইন্টারনেট স্পিড বা ফোনের ব্যাটারিকে। কিন্তু প্রকৃত অপরাধী লুকিয়ে আছে আপনারই ফোনের ভেতরে—ব্যাকগ্রাউন্ডে থাকা কিছু অ্যাপ, যেগুলো আপনার অজান্তেই ডেটা আর ব্যাটারি টেনে নিচ্ছে প্রতিনিয়ত।
ভ্যাম্পায়ার অ্যাপস—ফোনের নীরব শত্রু
অনেক অ্যাপ আছে, যেগুলো আপনি খুলেও দেখেন না, অথচ ব্যাকগ্রাউন্ডে তারা নিজের মতো কাজ করে চলে। নিউজ অ্যাপ, ই-মেইল ক্লায়েন্ট কিংবা সোশ্যাল মিডিয়া অ্যাপ ব্যাকগ্রাউন্ডে রিয়েলটাইম আপডেট এনে দেয়, কিন্তু এই সুবিধার আড়ালে তারা অজান্তেই খরচ করছে প্রচুর ডেটা। এদের মধ্যেই কেউ কেউ এমন আছে, যারা প্রিফেচিং পদ্ধতিতে আগেভাগেই তথ্য নামিয়ে নেয়, যাতে আপনি খুললে তাৎক্ষণিকভাবে লোড হয়। কিন্তু বিনিময়ে তা খরচ করে আপনার ইন্টারনেট ও ব্যাটারি।
লোকেশনভিত্তিক অ্যাপের গোপন অপারেশন
গুগল ম্যাপ, ওয়েজ কিংবা অন্যান্য ন্যাভিগেশন অ্যাপ চালু রাখলে লোকেশন আপডেট অব্যাহত থাকে। এতে জিপিএস, স্যাটেলাইট ও মোবাইল টাওয়ারের মাধ্যমে তথ্য আদান-প্রদানে ডেটার পাশাপাশি ব্যাটারিরও ধস নামে।
ভিপিএন নিরাপত্তা দেয়, কিন্তু…
ভিপিএন অনেকেই ব্যবহার করেন তথ্য সুরক্ষার জন্য। কিন্তু জানেন কি, এনক্রিপশনের কারণে এটি আপনার ডেটা ব্যয় বাড়িয়ে দেয় প্রায় ২০ শতাংশ পর্যন্ত?
অটোপ্লে আর নোটিফিকেশন—ডেটার বিপদ ডেকে আনে
ইউটিউব, ফেসবুক বা ইনস্টাগ্রামে স্ক্রল করলেই হঠাৎ চালু হয়ে যায় কোনো ভিডিও। এই অটোপ্লে ফিচারই মূলত ডেটা খরচের বড় কারণ। একইভাবে পুশ নোটিফিকেশনের জন্য অ্যাপগুলো ব্যাকগ্রাউন্ডে সক্রিয় থাকে, যার প্রভাব পড়ে প্রসেসর ও ব্যাটারিতেও।
স্ট্রিমিং অ্যাপের সিঙ্ক ও ফিচার—এক্সট্রা লোড
স্পটিফাই, নেটফ্লিক্স, ডিজনি+ ইত্যাদি ব্যাকগ্রাউন্ডে গান বা ভিডিও সিঙ্ক করতে গিয়ে ব্যাটারি ও ডেটা দুইই খরচ করে। তবে এই অ্যাপগুলোতে ‘ডেটা সেভার’ মোড থাকায় তা ব্যবহার করলে কিছুটা সাশ্রয় সম্ভব।
অটো আপডেট ও ক্ষতিকর অ্যাপের লুকোচুরি
গুগল প্লে স্টোরে থাকা স্বয়ংক্রিয় আপডেট অপশন চালু থাকলে অ্যাপ আপডেট নিজে থেকেই ডাউনলোড হয়, যা দ্রুত ডেটা শেষ করে। আবার কিছু ম্যালওয়্যার জাতীয় অ্যাপ চুপিসারে ঢুকে ডেটা খরচ বাড়িয়ে দেয়, যদিও প্রথম দিকে তারা নিরীহ ভান করে।
সতর্কতা ও সমাধান
আপনার ডিভাইসের ব্যাটারি অপ্টিমাইজেশন অপশন বা অ্যাপ ডেটা ব্যবহারের লগ চেক করুন। অপ্রয়োজনীয় অ্যাপ আনইনস্টল বা ব্যাকগ্রাউন্ড পারমিশন বন্ধ করুন। ভিপিএনের সীমিত ব্যবহার করুন এবং স্ট্রিমিংয়ে ডেটা সেভার চালু রাখুন।
আপনার ফোন আপনি না খরচ করলেও অ্যাপ কিন্তু থেমে নেই। সঠিক ব্যবস্থাপনা ছাড়া মোবাইলের ডেটা ও ব্যাটারির ভবিষ্যৎ—বিপদের দিকেই।