সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন
রান্নাঘরের কেবিনেট এখন শুধু স্টোরেজ নয়, স্টাইল স্টেটমেন্টও বটে!
অনলাইন ডেস্ক
আজকাল রান্নাঘর আর শুধু রান্নার জায়গা নয়—এটি হয়ে উঠছে স্টাইল, শৃঙ্খলা আর আধুনিকতার প্রতীক। দেশি-বিদেশি নানা স্বাদের রান্নার উপকরণ থেকে শুরু করে টেবিল সেট, বেকিং টুলস, মশলা—সবকিছু গুছিয়ে রাখার জন্য চাই নিখুঁত কেবিনেট। রান্নাঘরের পরিপাটি, পরিষ্কার এবং কার্যকর ব্যবহার নিশ্চিত করতে অনেকেই এখন আধুনিক ডিজাইনের কেবিনেট বেছে নিচ্ছেন।
রান্নাঘরের আয়তন, অবস্থান ও প্রয়োজন বিবেচনায় এখন কাস্টমাইজড কেবিনেট ডিজাইন করছে নানা প্রতিষ্ঠান। এসব প্রতিষ্ঠানের ইন্টেরিয়র ডিজাইনার বা অন্দরসজ্জাবিদেরা গ্রাহকের পছন্দ এবং ব্যবহার সহজ হবে এমনভাবে কেবিনেট ডিজাইনের পরামর্শ দেন। হাতিলের পরিচালক সফিকুর রহমান বলেন, আজকাল সুবিধামতো ডিজাইন ও উপকরণে কেবিনেট গড়ার ট্রেন্ড বাড়ছে।
কেবিনেট হতে পারে একদম ছোট, মাঝারি কিংবা বড়; দরজাওয়ালা হোক বা ড্রয়ারযুক্ত, সবই নির্ভর করে আপনার প্রয়োজনের ওপর। কাঠের কেবিনেট দেখতে দারুণ হলেও খরচ তুলনামূলক বেশি। তাই অনেকেই পানিরোধী প্লাইবোর্ড কিংবা পার্টিকেল বোর্ড বেছে নিচ্ছেন। কারণ রান্নাঘরের স্বাভাবিক আর্দ্রতায় কাঠ বা নিম্নমানের বোর্ড দ্রুত নষ্ট হয়ে যেতে পারে।
বিভিন্ন ধরণের রান্নার উপকরণ অনুযায়ী ভাগ করে কেবিনেট তৈরি করা এখন খুবই জনপ্রিয়। যেমন, একটিতে রাখুন বেকিং টুলস, আরেকটিতে দেশি মসলা, অন্যটিতে চাইনিজ বা কন্টিনেন্টাল সিজনিং। রোজকার ব্যবহারের জিনিস যেমন হাঁড়ি-পাতিল বা মসলা হাতের কাছে নিচের কেবিনেটে রাখুন, আর কালেভদ্রে ব্যবহৃত জিনিস রাখুন ওপরে।
আরও কাজের টিপস: কেবিনেটের গায়ে চিহ্ন বা লেবেল লাগিয়ে দিন—তাহলে পরিবারের অন্য সদস্যরাও সহজেই খুঁজে পাবেন। যারা সাধারণত রান্না করেন না, তারাও কোনো ঝামেলা ছাড়াই উপকরণ খুঁজে বের করতে পারবেন।
পরিচ্ছন্নতাও খুব জরুরি। রান্নার পর কেবিনেট শুকনা কাপড়ে মুছে দিন। আর কিচেন হুড থাকলে তো কথাই নেই—চিটচিটে ভাব দূর থাকবে, কেবিনেটও দীর্ঘদিন ভালো থাকবে।
এছাড়া, কোণের ফাঁকা জায়গাগুলোও নষ্ট না করে ছোট তাক লাগিয়ে কাজে লাগিয়ে ফেলুন। কাজের সুবিধা, রুচিশীলতা আর পরিচ্ছন্নতা—সব মিলিয়ে রান্নাঘরের আধুনিক কেবিনেট যেন এখন ঘরের গৌরব!