বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:০৬ অপরাহ্ন
এক ইনিংসে ৬ ডাক, তবু রেকর্ড রান!
অনলাইন ডেস্ক
এজবাস্টনের দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনটি যেন এক উত্তেজনাকর ক্রিকেট নাটক। দিনের শুরুতে ভারতের আগুনঝরা দাপট, মাঝপথে জেমি স্মিথ ও হ্যারি ব্রুকের বিস্ফোরক ব্যাটিং, আর দিনের শেষভাগে আবার ভারতের দুর্দান্ত প্রত্যাবর্তন—সব মিলিয়ে টেস্ট ক্রিকেটের ইতিহাসে যুক্ত হলো এক নতুন, নাটকীয় অধ্যায়।
দিনের শুরুতেই ইংলিশ ব্যাটিং লাইনে আগুন জ্বালিয়ে দেন ভারতীয় পেসাররা। জো রুট ও বেন স্টোকসকে দ্রুত ফিরিয়ে চাপে ফেলে দেয় ভারত। স্টোকস ফিরেন গোল্ডেন ডাক নিয়ে—যা ভারতের মনোবলে জোগায় বাড়তি উদ্দীপনা। স্কোরবোর্ডে তখন ইংল্যান্ডের সংগ্রহ মাত্র ৮৪ রানে ৫ উইকেট!
ঠিক তখনই দৃশ্যপট বদলে দেন জেমি স্মিথ ও হ্যারি ব্রুক। দুর্দান্ত ছন্দে থাকা এই দুই ব্যাটার গড়ে তোলেন ৩০৩ রানের ঐতিহাসিক জুটি। স্মিথ খেলেন ২০৭ বলে চোখধাঁধানো ১৮৪ রানের ইনিংস, আর ব্রুকের ব্যাট থেকে আসে ২৩৪ বলে ১৫৮ রান। মুহূর্তেই ম্যাচের পাল্লা যেন ভারি হয়ে পড়ে ইংল্যান্ডের দিকে।
তবে দ্বিতীয় নতুন বল হাতে নিয়েই বাজিমাত করেন আকাশ দীপ। এক দুর্ধর্ষ ইয়র্কারে বোল্ড করেন ব্রুককে। সেই এক বলেই কেঁপে ওঠে ইংল্যান্ডের ইনিংস। দ্রুত একের পর এক উইকেট হারিয়ে মাত্র ৩১ রানে শেষ হয়ে যায় শেষ পাঁচ ব্যাটার। ৫ উইকেটে ৩৮৭ থেকে ৪১৮ রানে গুটিয়ে যায় পুরো দল।
এই ইনিংসে যেমন রেকর্ড গড়েছে ইংল্যান্ড, তেমনি অপ্রত্যাশিত কলঙ্কও লেগেছে। দলের ১১ ব্যাটারের মধ্যে ৬ জনই শূন্য রানে আউট! ইতিহাসে প্রথমবার, এক ইনিংসে ৩০০+ রানের জুটি গড়ে ইংল্যান্ড অলআউট হলো এমন অদ্ভুত পরিসংখ্যানে।
এছাড়াও, এই ইনিংসেই তৈরি হয় আরেকটি বিরল রেকর্ড—এক ইনিংসে ৬ জন ডাক মারলেও দলীয় সর্বোচ্চ রান ৪১৮। আগের রেকর্ড ছিল বাংলাদেশের দখলে, ২০২২ সালে মিরপুরে শ্রীলঙ্কার বিপক্ষে ৬ ডাকের মাঝেও লিটন-মুশফিকের জুটিতে উঠেছিল ৩৬৫ রান। এবার স্মিথ-ব্রুক জুটিতে সেই রেকর্ডও ছাড়িয়ে গেল ইংল্যান্ড।