বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:০৬ অপরাহ্ন
অধিনায়ক হওয়ার আগেই মাঠের বাইরে মিরাজ!
অনলাইন ডেস্ক
আগামী মঙ্গলবার (১৭ জুন) থেকে শ্রীলঙ্কার মাটিতে শুরু হচ্ছে বাংলাদেশ দলের পূর্ণাঙ্গ সফর। দ্বিপাক্ষিক এই লড়াইয়ের সূচনা হবে দুটি টেস্ট ম্যাচ দিয়ে। সেই লক্ষ্যে লাল বলের স্কোয়াডভুক্ত ক্রিকেটাররা গত বৃহস্পতিবার ও শুক্রবার ভাগ হয়ে পৌঁছেছেন শ্রীলঙ্কায়। সেখানে পৌঁছেই প্রথম দিনের অনুশীলন সেরে ফেলেছে টাইগাররা।
শ্রীলঙ্কায় পৌঁছে গতকাল খেলোয়াড়রা জিম সেশন ও একটি জমজমাট ভলিবল ম্যাচে অংশ নেন। আর আজ (রোববার) গলে শুরু হয়েছে মাঠের লড়াইয়ের প্রস্তুতি। প্রথম অনুশীলনে ছিলেন নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিমসহ বেশ কয়েকজন সিনিয়র ক্রিকেটার। একে একে দেখা যায় নাহিদ রানা, জাকের আলিদেরও। তবে অনুশীলন মিস করেছেন মেহেদী হাসান মিরাজ।
গণমাধ্যমকে দেওয়া তথ্য অনুযায়ী, জ্বরে আক্রান্ত হওয়ায় অনুশীলনে থাকতে পারেননি মিরাজ। এই অলরাউন্ডার সম্প্রতি প্রথমবারের মতো ওয়ানডে ফরম্যাটে বাংলাদেশ দলের পূর্ণাঙ্গ অধিনায়কের দায়িত্ব পেয়েছেন। ২, ৫ ও ৮ জুলাই অনুষ্ঠেয় ওয়ানডে সিরিজেই শুরু হবে মিরাজের অধিনায়কত্বের চ্যালেঞ্জ। টেস্ট সিরিজের পরই মাঠে গড়াবে তার সেই নেতৃত্বের প্রথম অধ্যায়।