বুধবার, ১০ জুন ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন
এক কামড়েই বিষধর সাপকে ঘুম পাড়ালো এক শিশু!
অনলাইন ডেস্ক
বর্ষার মৌসুমে সাপের কামড়ে মানুষের মৃত্যু নতুন কিছু নয়। কিন্তু যদি মাত্র এক বছরের একটি শিশু নিজের কামড়ে একটি কোবরা সাপকে মেরে ফেলে—তাহলে সেটা নিঃসন্দেহে রূপকথার মতো অবিশ্বাস্য শোনায়! কিন্তু ভারতের বিহার রাজ্যের পশ্চিম চম্পারন জেলার মোহছি বনকাটোয়া গ্রামে এমনই বিস্ময়কর এক ঘটনা ঘটেছে।
শিশুটির নাম গোবিন্দ। খোলা উঠানে খেলছিল সে, আর তার মা ছিলেন পেছনের উঠানে চুলার কাঠ গোছানোর কাজে। হঠাৎ ঘাসের মধ্যে থেকে বেরিয়ে আসে একটি বিষধর সাপ। কিন্তু শিশুটি ভয় না পেয়ে সাপটিকে ধরে কামড়ে বসে। বিষধর গেহুঁওন (স্থানীয়ভাবে কোবরা নামে পরিচিত) সাপটি কেঁপে কেঁপে মারা যায় শিশুর দন্তাঘাতে! এই ঘটনা ঘটেছে গত বৃহস্পতিবার (২৪ জুলাই), যা এখন আলোচনার কেন্দ্রবিন্দু।
শিশুটির নানি মতিসারি দেবী বলেন, “সাপটাকে দেখেই বুঝলাম এটা গেহুঁওন। কিন্তু ততক্ষণে গোবিন্দ সাপটিকে কামড়ে দিয়েছে।” কিছুক্ষণের মধ্যেই গোবিন্দ অজ্ঞান হয়ে পড়ে, তখনই তাকে মঞ্ঝোলিয়া স্বাস্থ্যকেন্দ্রে নেওয়া হয়। অবস্থা গুরুতর হওয়ায় পরে পাঠানো হয় বেতিয়া সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে। চিকিৎসা শেষে সে এখন পুরোপুরি সুস্থ।
চিকিৎসক ডা. কুমার সৌরভ গণমাধ্যমকে বলেন, শিশুটির মুখে ফুলে গিয়েছিল। পরিবারের ধারণা, সাপটিকে কেবল কামড়েই দেয়নি, বরং সম্ভবত তার দেহের কিছু অংশ চিবিয়েও ফেলেছিল। তিনি আরও বলেন, “সাপ মানুষকে কামড়ালে বিষ স্নায়ুতন্ত্রে ছড়িয়ে পড়ে, কিন্তু মানুষ সাপকে কামড়ালে বিষ পেটে গিয়ে সাধারণত হজম হয়ে যায়। তবে গ্যাস্ট্রিক আলসার থাকলে তা মারাত্মক হতে পারে।”
ঘটনাটি এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। স্থানীয় সাংবাদিক নেওয়াজ জানান, “শ্রাবণে সাপ দেখা স্বাভাবিক, কিন্তু শিশুর কামড়ে সাপের মৃত্যু এই প্রথম দেখলাম।” গোটা গ্রাম এখন গোবিন্দকে দেখছে বীরের চোখে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য মতে, প্রতি বছর বিশ্বে সাপে কেটে মারা যায় প্রায় ৮০ হাজার থেকে ১ লাখ ৩০ হাজার মানুষ। শুধু ভারতেই মৃত্যু হয় প্রায় ৫৮ হাজার মানুষের, যার জন্য দেশটিকে ‘সর্প-দংশনের রাজধানী’ বলা হয়।
বিহার স্বাস্থ্য দপ্তর জানিয়েছে, ২০২৩ সালের এপ্রিল থেকে ২০২৪ সালের মার্চ পর্যন্ত সাপে কেটে প্রাণ হারিয়েছেন ৯৩৪ জন, এবং চিকিৎসা নিতে এসেছেন প্রায় ১৭ হাজার ৮৫৯ জন। তবে কেন্দ্রীয় সরকারের এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে, কারণ অনেকেই সময়মতো হাসপাতালে পৌঁছান না।
ভারতে সাপে কাটা মৃত্যুর ৭০ শতাংশই ঘটে বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা, মধ্যপ্রদেশ, উত্তর প্রদেশ, রাজস্থান, গুজরাট, তেলেঙ্গানা ও অন্ধ্রপ্রদেশে। কিন্তু গোবিন্দর মতো এক শিশুর দুঃসাহসিকতা এখন এসব বিষাক্ত বাস্তবতাকেও ছাড়িয়ে গেছে এক অলৌকিক গল্পে।