শনিবার, ১১ জুলাই ২০২৬, ০২:২২ অপরাহ্ন
যুদ্ধ দোলা বিশ্ববাজারে, তবু ঠাণ্ডা সরকার!
অনলাইন ডেস্ক
ইরান-ইসরায়েল মধ্যকার উত্তপ্ত সংঘাত গভীরভাবে পর্যবেক্ষণ করছে অন্তর্বর্তীকালীন সরকার—এমন মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তার ভাষ্য, যুদ্ধের অভিঘাতে বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য ঊর্ধ্বমুখী হলেও, এখনই দেশের বাজারে তেলের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা নেই সরকারের।
আজ মঙ্গলবার (১৭ জুন) সচিবালয়ে অনুষ্ঠিত ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এসব কথা বলেন তিনি।
অর্থ উপদেষ্টা জানান, যুদ্ধের অভিঘাত বাণিজ্যে এখনো ছায়া ফেলেনি। ফলে পূর্বের দামেই জ্বালানিসহ সব জরুরি পণ্য আমদানি সম্ভব হচ্ছে। তবে পরিস্থিতি খতিয়ে দেখে সম্ভাব্য প্রভাব মোকাবিলায় প্রস্তুতি নিচ্ছে সরকার।
তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, এই সংঘাত দীর্ঘায়িত হওয়ার সম্ভাবনা ক্ষীণ। তবে তা দীর্ঘস্থায়ী হলে বাংলাদেশেও প্রভাব পড়বে—এমন সতর্কবার্তা দিয়েছেন তিনি।
যুদ্ধের প্রেক্ষিতে সরকারের প্রস্তুতির বিষয়ে ড. সালেহউদ্দিন আরও বলেন, পরিস্থিতি এখনো এমন নয় যে জরুরি ব্যবস্থা নিতে হবে। তবে উপদেষ্টা পরিষদের বৈঠকে সম্ভাব্য ঝুঁকি নিয়ে আলোচনা হয়েছে। যুদ্ধের গতিপ্রকৃতি নজরদারির আওতায় রাখা হবে।
বিশ্ববাণিজ্যের প্রাণকেন্দ্র হরমুজ প্রণালী নিয়েও তিনি বলেন, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রুট। তবু সরকার আশাবাদী, যুদ্ধ অচিরেই প্রশমিত হবে—এমনটাই প্রত্যাশা করছে অন্তর্বর্তী সরকার, জানান অর্থ উপদেষ্টা গণমাধ্যমকে।