শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন
বেবিয়ারা খাতুন, স্টাফ রিপোটার চাঁপাইনবাবগঞ্জ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে এক অসহায় পরিবারের জমি জবরদখল করে নির্মাণাধীন বাড়ি ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ উঠেছে, প্রতিবাদ করায় ক্ষিপ্ত হয়ে ওই পরিবারকে নানা হুমকি দিচ্ছে প্রভাবশালী দখলদার। যদিও আদালতে মামলা বিচারাধীন এবং জমির ওপর অস্থায়ী নিষেধাজ্ঞা জারি রয়েছে, তা অমান্য করে প্রতিপক্ষ ইতোমধ্যে বাড়ির নির্মাণকাজ আংশিক শেষ করে ফেলেছে। এখন তারা বিভিন্ন কৌশলে বাকি নির্মাণ কাজ শেষ করার পাঁয়তারা চালাচ্ছে।
জানা গেছে, নয়ালাভাঙা ইউনিয়নের চন্ডিপুর মৌজার ১৭৩ জে.এল নম্বরের ৫৯২ খতিয়ানের আরএসের আট দাগের এক একর ১০.৬৩ শতক জমির মধ্যে ০.২৫ শতকের মালিক সাদিকুল ইসলাম মিঠু। কিন্তু প্রতিবেশী শফিকুল ইসলাম জোরপূর্বক ১.৫ শতক জমি দখল করে বাড়ি নির্মাণ শুরু করেন। বাধা দিলে সাদিকুল ইসলামকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয় ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়। শেষমেশ তিনি আদালতের আশ্রয় নেন এবং গত ২৯ জানুয়ারি আদালত জমির ওপর অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেন, যা এখনো বহাল আছে।
শফিকুল ইসলাম দাবি করেন, তিনি ১৪ ইঞ্চি জমি ছেড়ে নির্মাণকাজ শুরু করেছেন এবং তার নিজস্ব জমির পরিমাণ সাড়ে ২৩ শতক। আইনী জটিলতায় কাজ বন্ধ থাকায় তার পরিবার একটি ঘরে গাদাগাদি করে থাকছে। এদিকে তদন্তকারী কর্মকর্তা এসআই মিজানুর রহমান জানান, আদালতের নির্দেশনা অনুযায়ী কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। ওসি গোলাম কিবরিয়া বলেন, আদালতের ২৫ মার্চের নোটিশ অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।
এই ঘটনায় এলাকাজুড়ে চলছে উত্তেজনা আর উদ্বেগ—আইনের শাসন না থাকলে কোথায় যাবে সাধারণ মানুষ?