শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন
বাঘায় বোমা বানাতে গিয়ে যুবকের হাত উড়ে গেছে!
গোলাম কিবরিয়া বিশেষ প্রতিনিধি, রাজশাহী
রাজশাহীর বাঘা উপজেলার দালালপাড়া গ্রামে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। শনিবার বিকালে বোমা বানাতে গিয়ে সজিব হোসেন (২০) নামে এক কলেজ ছাত্রের বাঁ হাতের কব্জি বিচ্ছিন্ন হয়ে যায়। স্থানীয় সূত্রে জানা গেছে, সজিব তার দুই বন্ধুর সঙ্গে আনন্দের জন্য পটকা (বোমা) তৈরি করতে গিয়ে এই দুর্ঘটনায় পড়ে। আহত সজিবকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়, পরে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
এ ঘটনার পর পুলিশ দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে গেছে। সজিব হোসেন, রাকিব হোসেন (১৬) এবং শাকিব হোসেন (১৭) একত্রিত হয়ে বোমা তৈরি করছিল, হঠাৎ সেটি বিস্ফোরিত হয়ে সজিবের হাতের কব্জি বিচ্ছিন্ন হয়ে যায়। সজিবের বাবা, জয়নাল হোসেন, দাবি করেন যে তারা কোনো খারাপ উদ্দেশ্যে নয়, বরং ঈদের আনন্দে বোমা বানাতে গিয়ে দুর্ঘটনায় পড়েছে।
বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ ফ ম আছাদুজ্জামান বলেন, “বিস্ফোরণ আইনে মামলা করা হবে, এবং দুইজনকে জিজ্ঞাসাবাদ চলছে।”