শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন
খুলনায় বিএনপি নেতা রকিবুল ইসলাম বকুলের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ
মামুন মোল্লা, খুলনা জেলা প্রতিনিধি
খুলনায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বিএনপির কেন্দ্রীয় ছাত্র বিষয়ক সম্পাদক আলহাজ্ব রকিবুল ইসলাম বকুলের পক্ষ থেকে দিনব্যাপী ঈদ বস্ত্র বিতরণ করা হয়েছে। খান জাহান আলী থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা শনিবার কেসিসি ২ নং ওয়ার্ড এবং যোগীপোল ইউনিয়নে এ মহতী কার্যক্রম পরিচালনা করেন।
খান জাহান আলী থানা বিএনপির সভাপতি কাজী মিজানুর রহমান এবং সাধারণ সম্পাদক আবু সাঈদ হাওলাদার আব্বাসের তত্ত্বাবধানে এই উদ্যোগ নেওয়া হয়। এ সময় দলীয় নেতাকর্মীরা দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করেন। বিশেষভাবে, যোগীপোল ইউনিয়নের ক্যান্সার আক্রান্ত দবির হাওলাদার, বিএনপি নেতা করিম শেখ এবং কেসিসি ২ নং ওয়ার্ডের প্রয়াত আশরাফ ঢালীর পরিবারের হাতে ঈদ উপহার তুলে দেওয়া হয়।
স্থানীয় নেতাকর্মীরা জানান, বিএনপি নেতা রকিবুল ইসলাম বকুলের পক্ষ থেকে এই উদ্যোগ শুধু উপহার বিতরণ নয়, বরং সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর এক মহান প্রচেষ্টা। ভবিষ্যতেও তারা এ ধরনের মানবিক কাজ অব্যাহত রাখবেন বলে আশ্বাস দেন। ঈদের আনন্দকে সবার মাঝে ছড়িয়ে দিতে এ আয়োজন এলাকার মানুষের মধ্যে ব্যাপক প্রশংসিত হয়েছে।